একই দিনে সরে দাঁড়ালেন বিসিবির আরও ৪ পরিচালক

বিসিবি পরিচালনা পর্ষদের সভাবিসিবি

একদিনেই বিসিবির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক। বোর্ডসভার পর ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফায়াজুর রহমান বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন৷

রাতে পদত্যাগ করেছেন ক্লাব ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা তানিম ও মনজুর।

গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা চারজনই গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।  সবমিলিয়ে বিসিবির ২৫ পরিচালকের মধ্যে ৭জনই পদত্যাগ করলেন। তবে কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।

গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। দুয়েকদিনের মধ্যেই তাদের সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর মধ্যেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা।

আরও পড়ুন