৬০০ ছক্কায় ‘ছক্কাবাজ’ ক্যারিবিয়ানদের দলে বাটলার
গুজরাট টাইটানসের ইনিংসে তখন পঞ্চম ওভার। দিল্লি ক্যাপিটালস পেসার মুকেশ কুমারের করা ওভারের পঞ্চম বলটি কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন জস বাটলার। ছক্কা! ব্যস, এই ছক্কা দিয়েই বাটলার ঢুকে যান এমন এক তালিকায়, যেখানে এত দিন ছিলেন শুধু ক্যারিবিয়ানরা।
টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৫৯৫ ছক্কা নিয়ে আইপিএলে গতকাল রাতে ম্যাচটি খেলতে নেমেছিলেন বাটলার। ২৭ বলে ৫২ রানের ইনিংসে বাটলারের ব্যাট থেকে চারের চেয়ে ছক্কাই এসেছে বেশি—৫টি। আর এই পাঁচ ছক্কার শেষটিতেই বাটলার পেয়ে যান তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৬০০তম ছক্কাটি।
বাটলার পাওয়ারপ্লের (প্রথম ৬ ওভার) মধ্যে ৫ ছক্কা মেরে অন্য এক তালিকায়ও সুরেশ রায়নার একাকিত্বের অবসান ঘটান। আইপিএলে এক ইনিংসে ওপেনারদের বাইরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম ৬ ওভারের মধ্যে ৫টি ছক্কা মারলেন তিনে নামা বাটলার। ২০১৪ আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিপক্ষে ছয় ছক্কা মারেন রায়না।
তবে বাটলারের এই ইনিংসটি স্মরণীয় হয়ে থাকবে দারুণ এক তালিকায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আধিপত্য একটু হলেও কমানোর জন্য। সেটি টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকা, যেখানে এত দিন ন্যূনতম ৬০০টি ছক্কা মারার কীর্তি শুধু ক্যারিবীয় অঞ্চলের ব্যাটসম্যানদের দখলেই ছিল।
বলার অপেক্ষা রাখে না, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ছক্কা মারায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সামর্থ্য প্রশ্নাতীত। এ কথার পক্ষে সায় দিচ্ছে পরিসংখ্যান—ক্রিস গেইল (৪৫৫ ইনিংসে ১০৫৬ ছক্কা), কাইরন পোলার্ড (৬৫২ ইনিংসে ৯৮২ ছক্কা), আন্দ্রে রাসেল (৫০৮ ইনিংসে ৭৮৪ ছক্কা) ও নিকোলাস পুরান (৪১৮ ইনিংসে ৭১২ ছক্কা)। অর্থাৎ টি-টুয়েন্টিতে শীর্ষ চার ছক্কাবাজের সবাই ক্যারিবিয়ান। আর এ সংস্করণে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ন্যূনতম ১০০০ ছক্কা মারার রেকর্ড গেইলের।
ন্যূনতম ৬০০ ছক্কা মারার এ তালিকায় নবতম সংযোজন হলেন বাটলার। ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ৬০০ ছক্কা মারতে লাগল ৪৬৭ ইনিংস।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড বাটলারের। ১৪৩ ইনিংসে ১৭৫ ছক্কা ৩৫ বছর বয়সী এই তারকার। আইপিএলে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় অবশ্য বাটলার বেশ পিছিয়ে। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ১২২ ইনিংসে তাঁর ছক্কাসংখ্যা ১৯২। ১৪১ ইনিংসে ৩৫৭ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে গেইল। আইপিএলে ন্যূনতম ২০০ ছক্কা মারা ১১ ব্যাটসম্যানের পরই রয়েছেন বাটলার।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায় পঞ্চম বাটলারের পরই রয়েছেন আরেক ইংরেজ। বাটলারের একসময়ের জাতীয় দল সতীর্থ অ্যালেক্স হেলস ৫২৩ ইনিংসে ৫৯৫ ছক্কা নিয়ে এ তালিকায় ষষ্ঠ। অর্থাৎ বাটলার হয়তো কিছুদিনের মধ্যেই ন্যূনতম ৬০০ ছক্কার মারার তালিকায় স্বদেশি হেলসকে পেয়ে যেতে পারেন।
আইপিএলে এবার তিন ইনিংসে ৩৮.৬৬ গড় ও ১৫৬ স্ট্রাইক রেটে ১১৬ রান করেছেন জস বাটলার। চলতি বছর সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে ১৯ ইনিংসে তাঁর সংগ্রহ ৪২২ রান। ২৩.৪৪ গড় ও ১৪০.৬৬ স্ট্রাইক রেটে দুটি ফিফটি এবং সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৯৭ রানের।