ফাইনালে পেশোয়ারের আশা পূরণ করতে পেরে খুশি নাহিদ রানা

নাহিদকে নিয়ে সতীর্থদের উদযাপন।পিএসএল

শুধু ফাইনালের জন্যই তাঁকে উড়িয়ে নিয়ে গিয়েছিল পেশোয়ার জালমি। যে আশায় তাঁকে নেওয়া হয়েছিল, তার ষোলো আনাই পূরণ করেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমি পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদও। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পেশোয়ারের হয়ে শিরোপা উদ্‌যাপনের পর ভেসেছেন সতীর্থদের প্রশংসা–বন্যায়ও।

তিন দিনের ওই যাত্রা শেষে আজ সন্ধ্যায় পাকিস্তান থেকে দেশে ফিরেছেন নাহিদ। বিমানবন্দরে ফাইনালের ওই অভিজ্ঞতা নিয়ে এই পেসার বলেছেন, ‘ভালো লাগছে। দলের যে আশাটা ছিল, সেটা পূরণ করতে পেরেছি।’

আরও পড়ুন

এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন নাহিদ। প্রথমবারেই তিনি রীতিমতো বাজিমাত করেছেন। ৫ ম্যাচে ওভারপ্রতি ৫.৪৪ গড়ে রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন।

মাঝখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। তাই সবাই এখন এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ। পিএসএল খেলা নাহিদের পরের চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে।

গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরানোর পর নাহিদ রানাকে নিয়ে সতীর্থদের উল্লাস।
পেশোয়ার জালমি


৮ মে থেকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচ খেলতে ঢাকায় চলে এসেছেন পাকিস্তানের বেশির ভাগ ক্রিকেটার, আজ তাঁরা অনুশীলনও করেছেন।

পিএসএল ফাইনালের পর আজ নাহিদের সঙ্গে ঢাকায় এসেছেন পেশোয়ারে তাঁর অধিনায়ক বাবর আজম ও পেসার খুররম শেহজাদ। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশা কী? নাহিদ বলেছেন, ‘টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট একদমই আলাদা। আমি চেষ্টা করব আমার প্রক্রিয়ার মধ্যে থেকে যে জিনিসটা এত দিন করে এসেছি, ওটাই টেস্টে করে যাওয়ার।’

আরও পড়ুন