জমে উঠেছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। মাঠে চলছে ব্যাট-বলের খেলা, ড্রেসিংরুমে চলছে ক্যালকুলেটরের হিসাব। এরই মধ্যে গ্রুপ-২–এ টানা দুই জয় তুলে নিয়ে সবার আগে শেষ চারের টিকিট পকেটে পুরেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের সঙ্গী হওয়ার দৌড়ে টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
অন্যদিকে গ্রুপ-১ এখনো বেশ উন্মুক্ত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবুয়ে—চার দলের সামনেই খোলা সেমিফাইনালের দরজা।
সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। এই পর্বের প্রথম ম্যাচেই যেমন বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে পাকিস্তান-নিউজিল্যান্ড।
ফলে শেষ পর্যন্ত একাধিক দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে সুপার এইটে। তখন সেমিফাইনালে যাবে কোন দল? চলুন দেখা যাক টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির প্লেয়িং কন্ডিশনে কী বলা আছে।
সেমিফাইনালে যাবে কোন দল
১. পয়েন্ট:
প্রতিটি গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল সেমিফাইনালে খেলবে।
২. জয়ের সংখ্যা:
যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে যে দল বেশি ম্যাচ জিতেছে, তারা ওপরে থাকবে।
৩. নেট রান রেট:
পয়েন্ট ও জয়—উভয়ই সমান হলে নেট রান রেটের মাধ্যমে অবস্থান নির্ধারিত হবে।
৪. মুখোমুখি লড়াই:
রান রেটেও যদি ফয়সালা না হয়, তবে দেখা হবে ওই দুই দলের নিজেদের মধ্যকার লড়াইয়ে কে জিতেছিল।
৫. আইসিসি র্যাঙ্কিং:
এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তাহলে দেখা হবে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে কোন দল এগিয়ে ছিল।