প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ, সবচেয়ে বেশি খেলেছে কারা

আগামীকাল শুরু হবে টেস্টএএফপি

আফগানিস্তানের বিপক্ষে এর আগেও টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে এবারের ম্যাচটা আলাদা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টেই নিজেদের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই টেস্টের তাই বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব আছে।

সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে। তবে সেসব ছিল ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি, তা–ও দিবারাত্রির। এবারই প্রথম সেখানে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাওয়া ১২তম দল হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে ৩৯টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে জয় ১৯টিতে।

নিজেদের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ দল
এএফপি

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ক্ষেত্রে পাকিস্তানের ধারেকাছেও নেই অন্য কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, জয় ৭টিতে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল ১০টি টেস্টও খেলেনি নিরপেক্ষ ভেন্যুতে। সবচেয়ে কম খেলেছে ভারত—মাত্র ২টি। এই তালিকায় বাংলাদেশ যোগ দিল অনেক পরে।

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে এর আগে যে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ, দুটিই হয়েছে দেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। চার বছর পর সেই হারের জবাব দেয় বাংলাদেশ। ২০২৩ সালে আফগানিস্তানকে হারায় ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।

প্রথম আলো গ্রাফিকস

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আবুধাবি ও শারজায় বাংলাদেশ দল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে। আমিরাতে হলেও টেস্টের মতো এই সিরিজেরও ‘স্বাগতিক’ আফগানিস্তান।

আরও পড়ুন