জাতীয় ক্রিকেট লিগ
আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, চট্টগ্রামের জয়
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচের তিনটিই ড্র হয়েছে। কক্সবাজারে বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর সাব্বির রহমান।
আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি
২০১৮ সালের ২৮ জুন তারিখটাকে সাব্বির রহমান কি মনে রেখেছিলেন! ওই দিনই চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টে ১৬৫ রান করেছিলেন সাব্বির, যেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরি। আট বছর পর আজ আবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। মিরপুরে আজ ইনিংসে খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের দ্বিতীয় ইনিংসে করেছেন ১১৩ রান। এই সংস্করণে ৮৪ ম্যাচ খেলে এটি তাঁর মাত্র পঞ্চম সেঞ্চুরি।
দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচও বাঁচিয়েছে তাঁর দল। প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট দলটি দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
৩ উইকেটে ৩০০ রান নিয়ে দিন শুরু করেছিল রাজশাহী। সাব্বিরের রান ছিল ২১, অধিনায়ক প্রিতম কুমারের ২৭। প্রিতম ৪৪ রান করে ফিরে যান। নবম ব্যাটসম্যান হিসেবে সাব্বির আউট হন দলীয় ৪৭৪ রানে। ২২১ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা মেরেছেন সাব্বির।
চট্টগ্রামের ইনিংস ব্যবধানে জয়
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে আজ কক্সবাজারে শেষ দিনটা শুরু করেছিল বরিশাল বিভাগ। কক্সবাজারে সেই শঙ্কা সত্যি করেই চট্টগ্রাম বিভাগের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে। তবে বরিশাল দ্বিতীয় ইনিংসে আর একটি রান করলেই আবারও ব্যাটিংয়ে নামতে হতো চট্টগ্রামকে। বরিশালের হার যে ইনিংস ও ১ রানে! মৌসুমে প্রথম দুই ম্যাচেই হারল বরিশাল। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া চট্টগ্রাম একটি বোনাস পয়েন্টও পেয়েছে ইনিংস ব্যবধানে জেতায়। দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন ১১।
৪ উইকেটে ১৪৯ রান নিয়ে দিন শুরু করা বরিশাল আজ প্রথম সেশনে উইকেট হারায়নি। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রাফসান আল মাহমুদ ও মঈনুল ইসলাম যেভাবে ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল চট্টগ্রামকে আবার ব্যাটিংয়ে নামতে হচ্ছে। ৪ উইকেটে ২২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বরিশাল।
বিরতির পর চতুর্থ ওভারে ৭২ রান করা রাফসানকে হারায় দলটি। ৭ ওভার আউট মঈনুলও (৪১)। এরপর আর ১৬ ওভার টিকতে পারা বরিশাল অলআউট ২৯৩ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান রোহান ৭৭ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট নেওয়া আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক।
ড্র ম্যাচে আশরাফুল-আশিকুরের সেঞ্চুরি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে সেঞ্চুরি পেয়েছেন সিলেট বিভাগের আশরাফুল হাসান রিহাদ (১১২) ও ঢাকা বিভাগের আশিকুর রহমান (১০১*)। ড্র করেছে তাঁদের দল।
৫ উইকেটে ৪৩১ রান নিয়ে দিন শুরু করা সিলেটের প্রথম ইনিংস থামে ৪৯৬ রানে। ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম পেয়েছেন ৫ উইকেট। এরপর ৬ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ২৭১ রানের লক্ষ্য পাওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে ২ ওভারে ১ উইকেটে ২ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
ময়মনসিংহ-রংপুর ম্যাচও ড্র
সিলেট একাডেমি মাঠে ম্যাচ জিততে ৩৭৩ রানের লক্ষ্য পায় ময়মনসিংহ। ৮০ ওভারের মতো হাতে ছিল দলটির। তবে দলটি ৪ উইকেটে ১৮৯ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। এর আগে ৬ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শুরু করা রংপুর আর কোনো উইকেট না হারিয়ে ২৪৫ রানে ইনিংস ঘোষণা করে।