গ্যালারিতে কম, টিভিতে বেশি

বিশ্বকাপ গ্যালারিতে দর্শক কম থাকলেও টিভির সামনে থাকছেন প্রচুর।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের অন্যতম চেনা দৃশ্য হয়ে উঠেছে ফাঁকা গ্যালারি। কিছু ম্যাচে গ্যালারি ভরা থাকলেও এখন পর্যন্ত বেশির ভাগ ম্যাচে দর্শক উপস্থিতি আশানুরূপ নয়। তবে স্টেডিয়ামে কম থাকলেও টেলিভিশনের সামনে দর্শকসংখ্যা কিন্তু বেশ বেড়েছে। অন্তত সম্প্রচার প্রতিষ্ঠানের দেওয়া তথ্য এমনটাই বলছে।

বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের প্রথম ১১ ম্যাচে ৫৯০০ কোটি মিনিটের বেশি খেলা দেখা হয়েছে। যা ২০১৯ বিশ্বকাপের তুলনায় ২২ শতাংশ বেশি। এই হিসাবের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি নেই। সেটা যোগ হলে সংখ্যাটা নিশ্চিতভাবেই আরও বাড়বে।

বৃহস্পতিবার স্টার স্পোর্টস আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বিশ্বকাপে এনসিসিএস ‘এ’ ক্যাটাগরির দর্শকসংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। আর এনসিসিএস ‘বি’ ক্যাটাগরির দর্শক বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। এনসিসিএস হচ্ছে ভারতের জাতীয় ভোক্তা শ্রেণীকরণ ব্যবস্থা। বৈদ্যুতিক সংযোগ, কৃষিভূমি থেকে শুরু করে গাড়ি, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ ১১টি আইটেমের মালিকানা এবং শিক্ষা ও আয়ের ভিত্তিতে এই শ্রেণীকরণ করা হয়। এর মধ্যে শীর্ষ শ্রেণিতে থাকা ভোক্তাদের মধ্যে বিশ্বকাপ দেখার প্রবণতা বেড়েছে সবচেয়ে বেশি।

টেলিভিশন বিক্রয়কেন্দ্রের টিভিতে চলছিল বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপের খেলা। পথচারীদের মধ্যে উৎসুক ক্রিকেটপ্রেমীরা দাঁড়িয়ে গেছেন খেলা দেখতে। বাংলাদেশের খেলা দেখতে থমকে দাঁড়িয়েছেন রিকশাচালকেরাও। রিকশা চালানো বাদ দিয়ে তাঁরাও হয়ে গেলেন দর্শক। ছবিটি রাজধানীর রোকেয়া সরণি থেকে তোলা
ছবি: শামসুল হক

বিশ্বকাপে মোট ১১টি ফিডে খেলা দেখাচ্ছে স্টার স্পোর্টস। এর মধ্যে ৯টি ভিন্ন ভাষায় এবং দুটি স্টারের ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। বিএআরসি ইন্ডিয়ার তথ্যের বরাত দিয়ে স্টার স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের প্রথম ১১ ম্যাচ দেখেছেন ২৬ কোটি ৮০ লাখ দর্শক, যার মধ্যে ২২ থেকে ৪০ বছর বয়সী তরুণ কর্মজীবী আছেন ৯ কোটি ৬০ লাখ, যা ২০১৯ আসরের চেয়ে ৫ শতাংশ বেশি। এ সময়ে একসঙ্গে সবচেয়ে বেশি ৫ কোটি ৬০ লাখ দর্শক খেলা দেখেছেন ৮ অক্টোবর ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে।

আরও পড়ুন

এর আগে গত সপ্তাহে ডিজনি প্লাস হটস্টার জানিয়েছিল, ১৪ অক্টোবরের ভারত–পাকিস্তান ম্যাচ একসঙ্গে দেখেছিলেন সাড়ে তিন কোটির বেশি দর্শক। ডিজিটাল প্ল্যাটফর্মটি এমন সময়ে দর্শকসংখ্যায় বিপুল সাড়া পেয়েছে, যখন আগের তিন প্রান্তিকে তাদের গ্রাহকসংখ্যা ক্রমাগত কমেছে। বিশেষ করে জিও সিনেমা স্ট্রিমিং ব্যবসায় আসার পর, যারা চলতি বছর থেকে আইপিএলের ম্যাচ স্ট্রিমিং করছে।