চন্দরপলের অভিষেকের দিনে লাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

লাবুশেনের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়াএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ সালের গায়ানা টেস্টে ব্রায়ান লারা আউট হওয়ার পর নেমেছিলেন শিবনারায়ণ চন্দরপল। চন্দরপলের সেটি ছিল অভিষেক টেস্ট। ২৮ বছর পর সেই ব্রায়ান লারার হাত থেকেই অভিষেক ক্যাপটি নিলেন তেজনারায়ণ চন্দরপল, শিবনারায়ণের ছেলে। পার্থে আজ অভিষেক হয়েছে ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের। প্রথম দিন ‘অ্যাকশন’-এর খুব কাছে চন্দরপল এসেছিলেন মারনাস লাবুশেনের একটি ক্যাচে, সামনে ডাইভ দিয়েও সেটি নিতে পারেননি। লাবুশেন দিন শেষে অপরাজিত ১৫৪ রানে। সে ইনিংসে ভর করে ২ উইকেটে ২৯৩ রান তুলে মৌসুমের প্রথম টেস্টের প্রথম দিনই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

পার্থ স্টেডিয়ামের উইকেটে ঘাস ছিল প্রায় ১০ মিলিমিটার, তবে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নেন প্যাট কামিন্স। চতুর্থ ওভারে ব্রেকথ্রুও পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জেইডেন সিলসের অফ স্টাম্পের বেশ বাইরের বলটি স্টাম্পে ডেকে এনে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। টেস্টে বাজে সময়টা চলছেই তাঁর।

ওয়ার্নার ফিরলেও ওয়েস্ট ইন্ডিজকে এরপর হতাশ করে গেছেন আরেক ওপেনার উসমান খাজা ও তিনে আসা লাবুশেন। অন্যরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এ দুজন ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলে লাল বলের প্রস্তুতিটা নিয়েছেন ভালোভাবেই। সেটির ফলও প্রথম ম্যাচেই পেলেন।

আরও পড়ুন

দুজনের জুটি টিকেছে চা-বিরতির আগপর্যন্ত। ১৪৯ বলে ৬৫ রান করা খাজাকে ফিরতে হয় কাইল মায়ার্সের দারুণ এক ডেলিভারিতে। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে খোঁচা দেন খাজা, ভাঙে ১৪২ রানের জুটি। সে সময় হয়তো উজ্জীবিত হয়েই বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ, তবে পরের সেশনটা তাদের জন্য ছিল দিনের সবচেয়ে বেশি হতাশার।

তেজনারায়ণ চন্দরপলকে অভিষেক ক্যাপ তুলে দিয়েছেন ব্রায়ান লারা
এএফপি

৮১ বলেই ফিফটি জুটি হয়ে যায় লাবুশেন-স্মিথের। লাবুশেন এরপর পান ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। সিলসের অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করে যান মাইলফলকে। বল চার হওয়ার আগেই ব্যাট ওপরে তুলে উদ্‌যাপন শুরু করেন তিনি। ইনিংসে ক্রিজের চারপাশেই মোটামুটি খেলেছেন, কাভার ও মিডউইকেটে এসেছে তাঁর বেশির ভাগ রান।

সিলসের বলে ডাবলস নিয়েই ১৫০ পূর্ণ করেন ৮৮তম ওভারে। এর আগেই ক্যারিয়ারের ৩৭তম ফিফটিটি পেয়ে যান স্মিথ, দিনশেষে যিনি অপরাজিত ১০৭ বলে ৫৯ রানে। লাবুশেন তাঁর ১৫৪ রানের অপরাজিত ইনিংসে এখন পর্যন্ত ১৬টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা—আলজারি জোসেফকে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে। লাবুশেন ও স্মিথের জুটি দিনশেষে অবিচ্ছিন্ন ১৪২ রানে।

ওয়েস্ট ইন্ডিজ এ সফরে গেছে ২৫ বছরের এক খরা কাটানোর আশা নিয়ে। ১৯৯৭ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় নেই ক্যারিবীয়দের। তবে লাবুশেনের বড় ইনিংস, খাজা ও স্মিথের সঙ্গে তাঁর দুটি জুটি প্রথম দিনই সে স্বপ্ন পূরণের অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিতই দিচ্ছে।

আরও পড়ুন