ওয়ানডের যন্ত্রণা ভুলে এখন টেস্টে চোখ বাংলাদেশের

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজবিসিবি

মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ চলছে বিসিবি একাদশের বিপক্ষে। তাইজুল ইসলাম ও মুমিনুল হক এ ম্যাচে নেই, তবে মাঠের পাশ দিয়ে আসা–যাওয়া করতে দেখা গেল তাঁদেরও। বসুন্ধরায় যে মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হচ্ছে, তার পাশের এক নেটে অনুশীলন করছিলেন টেস্ট দলের দুই ক্রিকেটার।

জাতীয় দলের তিন নির্বাচককে দেখা গেল বিসিবি একাদশের ড্রেসিংরুমে পাশে বসে কিছু একটা নিয়ে আলোচনা করতে। সে আলাপটাও ছিল আজ ঘোষণা হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দল কেমন হবে, তা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ, তাইজুল–মুমিনুলের লাল বলে অনুশীলন, নির্বাচকদের আলোচনা—সবকিছুকে এক সুতায় গাঁথলে যা দাঁড়ায়, তার সারমর্ম—বাংলাদেশে এখন ঢুকে পড়েছে টেস্ট ক্রিকেটের আবহে; সাম্প্রতিক সময়ে যেটি হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের প্রিয় সংস্করণ।

গত এক বছরে টেস্টে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট জেতার পর ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্ন এখন জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দরজায় কড়া নাড়ছে বলেই আসলে টেস্টের এই আলোচনা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নইলে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের হতাশাই এখনো গ্রাস করে রাখার কথা দেশের ক্রিকেটকে। প্রস্তুতি ম্যাচের মাঠে লাল বলের ক্রিকেটের আবহের মধ্যেও অবশ্য সেই হতাশার জ্বালা কিছুটা টের পাওয়া গেল। ক্রিকেটার, নির্বাচক বা বোর্ড–সংশ্লিষ্ট যাঁর সঙ্গেই কথা হলো, কারোই মন ভালো নেই। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে না, তা যেন মানতেই পারছেন না কেউ!

মানতে পারছেন না লিটন দাসের চোটে ত্রিদেশীয় সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হওয়া তাওহিদ হৃদয়ও। পরশু শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে পর তাঁর প্রতিক্রিয়া, ‘আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে যখন খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই; কিন্তু আমরা শুধু মুখেই বলি, কাজে সেটির প্রতিফলন দেখা যায় না।’

হৃদয়ের কথাটা সরাসরি তাঁর দলকেই ইঙ্গিত করে; কিন্তু সেটি ধরে যে কিছু করবেন, সে উপায়ও খুঁজে পাচ্ছেন না নির্বাচকেরা। তাঁদেরই একজনের কণ্ঠে অসহায়ত্ব, ‘কাকে বদলাব বলেন, কাকে দলে নিলে এই সমস্যার সমাধান হবে? দেখে তো মনে হয়, শুরু থেকে শেষ পুরোটাই সমস্যা!’

বাঁ থেকে নির্বাচক নাদিফ চৌধুরী, হাই পারফরম্যান্স দলের কোচ সালাহউদ্দীন আহমেদ ও পেসার ইবাদত হোসেন। গতকাল বসুন্ধরায়
বিসিবি

পাশে দাঁড়ানো জাতীয় দল–সংশ্লিষ্ট আরেকজন তো ওয়ানডে নিয়ে কোনো কথা বলতেই রাজি হলেন না। তাঁর পুরো মনোযোগ নাকি এখন টেস্টে, ‘আমি এটা আর মাথায়ই রাখতে চাচ্ছি না। ওয়ানডেতে আমাদের পরের খেলা এক মাস পর, তখন এসব নিয়ে ভাবা যাবে। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ মন দেওয়াই ভালো।’

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতে থাকতেই ঢাকায় চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন চার নম্বরে আছে বাংলাদেশ। বাকি ৬টি টেস্টের মধ্যে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই দুই টেস্ট আর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিততে পারলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়।

তবে এ রকম পরিস্থিতিতে বাংলাদেশের দরকার ছিল পূর্ণ শক্তির দল; কিন্তু সেটি তো নেই আপাতত। নাহিদ রানা চোটে পড়ে আগেই ছিটকে গেছেন, খেলছেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। নতুন দুশ্চিন্তা চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটনকে নিয়ে। আগামীকাল ফিটনেস টেস্ট, তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে এরপর। ত্রিদেশীয় সিরিজের সময় ঢাকায় টেস্ট দলের ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে অনুশীলন শুরু করলেও পুরো দলের একসঙ্গে অনুশীলন শুরু করার কথা পরশু থেকে।

ওয়েস্ট ইন্ডিজ দল অবশ্য পুরো দমে অনুশীলনের মধ্যেই আছে। মিরপুরে একদিন অনুশীলনের পর এখন খেলছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ঢাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি ম্যাচে তারা আগে ফিল্ডিং করছে। তাতে তাদের বোলিংয়েরও একটা পরীক্ষা হলো বোধ হয়। ক্যারিবিয়ান বোলারদের সামলে সেঞ্চুরি পেয়েছেন বিসিবি একাদশের হয়ে তিনে নামা কালাম সিদ্দিকী। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ৩৭১ রান করেছে বিসিবি একাদশ।

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মূল উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। তবে বিসিবি একাদশের খেলোয়াড়দের জন্য তা হতে পারে আত্মবিশ্বাস বাড়ানো এবং সেই আত্মবিশ্বাস টেস্ট দলের মধ্যে ছড়িয়ে দেওয়ারও সুযোগ।

আরও পড়ুন