হারের পর জরিমানাও গুনতে হচ্ছে রোহিত–কোহলিদের
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। হারের হতাশা ভোলার আগেই খবর এসেছে, স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর দলকে। অধিনায়ক রোহিত নিজের ভুল মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ভারতের ১৮৭ রান ৪৬ ওভারে ১ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ দল। এই ৪৬ ওভার করতেই নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারতীয়রা।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য গুনতে হবে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা। সেই হিসাবে ভারতীয় দলের প্রত্যেকের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, টিভি আম্পায়ার শরফৌদউল্লাহ ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।