ঋষভ পন্তের ২৫ মিনিট
সিনেমার শুটিং দেখা নাকি বেশ একঘেয়ে একটা কাজ। একই শট বারবার নেওয়া হচ্ছে, বড় বেশি ‘যান্ত্রিকতা’ সেখানে। শেষ পর্যন্ত পর্দায় যে ২-৩ ঘণ্টার ‘প্রডাক্ট’টি দেখা যায়, সেটা সম্পাদনার কাঁচি চালিয়ে অনেক ঘণ্টার ছবি কেটেছেঁটে বানানো। পর্দার আড়ালে অনেক কিছু হতে পারে, তবে ক্রিকেট মাঠে যে খেলা হয়, তাতে সম্পাদনার সুযোগ নেই। অবশ্য নেট সেশনের ব্যাপারটিও মাঝেমধ্যে হয়তো হয়ে উঠতে পারে সিনেমার শুটিংয়ের মতোই। কখনো সামনে সে অর্থে বোলারও নেই, তার বদলে বোলিং মেশিন বা কেউ করছেন থ্রো ডাউন। দুই পাশে ঝোলানো নেটে আটকে যাচ্ছে ব্যাটসম্যানদের শট, ফলে শেষ পর্যন্ত সেটির ভাগ্যে কী ছিল, জানা যায় না তা।
তবুও নেট সেশন রোমাঞ্চ জোগায়।
২০১৮ সালে অ্যাডিলেডের নেটে বিরাট কোহলির একটা নেট সেশনের কম্পাইলেশন পোস্ট করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সে বছর কোহলি ছিলেন দুর্দান্ত, আন্তর্জাতিক ক্রিকেটে করেছিলেন ১১টি সেঞ্চুরি। সেঞ্চুরিসংখ্যার হিসাবে যৌথভাবে সবচেয়ে সফল বছর ছিল সেটি সাবেক ভারত অধিনায়কের। অ্যাডিলেডের নেটে বেশ কাছে বসানো ক্যামেরার ছবিতে কোহলির টাইমিং, কম্পোজিশন দেখার অভিজ্ঞতা অন্য রকমই।
এবার বাংলাদেশ সফরে এসেছেন ভিন্ন এক কোহলিই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছরের সেঞ্চুরি–খরা কেটেছিল আগেই, চট্টগ্রামে এসে ওয়ানডেতেও দেখা পেয়ে গেছেন আরেকটির। এবার হয়তো টেস্টের পালা। চট্টগ্রামের উইকেট এমনিতেও থাকার কথা ব্যাটিং–সহায়ক, তৃতীয় ওয়ানডেতে সেটির আভাসও পেয়েছেন কোহলি।
কোহলির নেট সেশন এমনিতেই বাড়তি আগ্রহের ব্যাপার, সেখানে এমন কোনো বাড়তি কারণ থাকলে তো কথাই নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে চারটি নেট শুরুতে ভারত দলের জন্য বরাদ্দ ছিল, ঘুরিয়ে–ফিরিয়ে সব কটিতেই ব্যাটিং করলেন কোহলি। কখনো নিজের শটে সন্তুষ্ট হলেন, কখনো বোঝা গেল হতাশা। পেসার মোহাম্মদ সিরাজকে এক ফাঁকে টিপসও দিয়ে এলেন। কোহলি বরাবরই বলে এসেছেন, টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে এগিয়ে রাখেন তিনি। গতকাল ঐচ্ছিক অনুশীলনে না এলেও আজ তাঁর নেট সেশনে বোঝা গেল—তিনি এ সংস্করণে কতটা সিরিয়াস।
ঘণ্টাখানেক নেটে ব্যাটিংয়ের পর একসময় থামলেন কোহলি। শেষ যে নেটে ছিলেন, সেখানে এলেন ঋষভ পন্ত। এরপর যা হলো, সেটিকে কোনো অ্যাকশন মুভির জম্পেশ ট্রেলার বলা যায়। নেটে এসেই সামনে দাঁড়িয়ে থাকা ভারতের বোলিং কোচ পরশ মামব্রেকে বললেন, ‘স্যার, সময়ের হিসাব রাখার দরকার নেই।’ সাধারণত এমন দলীয় অনুশীলনে নেটে কোনো ব্যাটসম্যানের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, মামব্রের কাছে হয়তো একটু বেশিই চাইছিলেন পন্ত।
পন্তের সামনে দুজন বাঁহাতি স্পিনার—টেস্ট দলে ডাক পাওয়া অভিষেকের অপেক্ষায় থাকা সৌরভ কুমার ও কুলদীপ যাদব। আছেন স্থানীয় একজন নেট বোলার, ভারত পেসার শার্দূল ঠাকুরও। নেটে প্রথম তিনটি বল ডিফেন্ডই করলেন। মুখোমুখি চতুর্থ বলে বেরিয়ে গেলেন ক্রিজ ছেড়ে। এরপর একের পর এক নেট ছেড়ে উড়ে যেতে লাগল বল। ঠিক পাশের নেটে তখন ব্যাটিং করছিলেন শ্রেয়াস আইয়ার। থ্রোয়ারের ছোড়া শর্ট বল খেলছিলেন, টাইমিংও করছিলেন। করছিলেন ডিফেন্ডও।
তবে পন্তের তখন এত কিছু ভাবার যেন সময় নেই। একটা সময় নিজেই নিজেকে বলছিলেন, ‘জোরে মারিস না। জোরে মারিস না। টাইমিং, টাইমিং।’ সে টাইমিং পন্তের খুব একটা খারাপ হচ্ছিল, শটের পর বলের দূরত্ব দেখে সেটি বলার উপায় নেই। অবশ্য দুই-একবার পরাস্তও হলেন। কুলদীপ যাদবের প্রশংসাও করলেন, ‘টপ বল, কল্লু!’
নেটে পন্তের এ ঝড় চলল প্রায় ১৫ মিনিট। নেট ছেড়ে বেরিয়ে গেলেন, পাশের নেটে শ্রেয়াসের সঙ্গে তখন কথা বলছিলেন কোচ রাহুল দ্রাবিড়। পুল শট খেলার একটা টেকনিক নিয়ে কথা বলছিলেন দুজন।
শ্রেয়াসের সঙ্গে পন্ত নেট অদলবদল করলেন। পাশের নেটে গিয়ে পন্ত মুখোমুখি হলেন থ্রো-ডাউনের। বেশ কয়েকটি বল ব্লক করলেন, দেখে মনে হলো, হয়তো দুই ধাপে অনুশীলন করবেন। প্রথম ধাপে আক্রমণ, পরের ধাপে কাজ করবেন রক্ষণ নিয়ে। সে ভাবনা ভুল প্রমাণিত হলো একটু পরই। থ্রো-ডাউনেই পন্ত শুরু করলেন বড় শট খেলা।
‘লাস্ট টু’ বলে একসময় জানালেন। মানে আর দুটি বলই খেলবেন। শার্দূলের করা ঠিক পরের বলটিতেই হলেন আউটসাইড-এজড, ভারত পেসার উল্লাস করার সুযোগটা ছাড়লেন না। যেন কুলদীপ-সৌরভের হয়েও উল্লাস করলেন। থ্রো-ডাউন থেকে আসা পরের বলটি ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে খেলার পর দ্বিতীয় নেট থেকেও বেরিয়ে গেলেন পন্ত। যেখানে ছিলেন মিনিট দশকে।
ভারতের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক লোকেশ রাহুল। সেখানে ইংল্যান্ডের এখনকার খেলার ধরন নিয়ে প্রশ্ন করা হলো। একেক দলের ‘অ্যাপ্রোচ’ একেক রকম, রাহুল সেটি বলার পর অবশ্য একটা নিশ্চয়তাও দিলেন—ভারত আগ্রাসী ও সাহসী ক্রিকেটই খেলবে। যে ক্রিকেট পন্ত খেলছেন তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই।
সর্বশেষ টেস্ট ইনিংসেই বেন স্টোকসের ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও প্রথম ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছিলেন চিকিৎসকদের পরামর্শে। বাংলাদেশের বিপক্ষে এর আগে ৫টি ম্যাচ খেললেও এ দেশে খেলা হয়নি তাঁর। বাংলাদেশ দল কী আশা করতে পারে, হয়তো ২৫ মিনিটের নেট সেশনে সেটিরই ইঙ্গিত দিয়ে রাখলেন পন্ত।
বাংলাদেশের সংবাদ সম্মেলনে অবশ্য পন্তকে আটকানোর পরিকল্পনা আছে বলেই হাসতে হাসতে জানালেন পেসার তাসকিন আহমেদ, ‘পরিকল্পনা গোপন রাখব, না হলে তো ঋষভ পন্ত জেনে যাবে (হাসি)। অবশ্যই তারা সবাই দারুণ খেলোয়াড়। আমাদের অনেক ডিসিপ্লিনড হতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। এবং তা প্রয়োগ করতে হবে। এটাই গুরুত্বপূর্ণ।’
নেটে পন্তের ২৫ মিনিটের ব্যাটিং দেখে অবশ্য মনে হলো, তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটিই—আগ্রাসী সব শট খেলা।