ওই শটের নাম জানেন না শামীমও, মারতে চান প্রথম বল থেকেই
ম্যাচটার পেরিয়ে গেছে চার দিন। তবু যেন শামীম হোসেনের সেই শটটা নিয়ে আলোচনা থামছেই না। ‘নো লুক শটে’ উইকেটের পেছন দিয়ে তাঁর মারা ছক্কাটা যেন চোখে লেগে আছে সবার।
তৃতীয় টি–টুয়েন্টির আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসার পরও তাঁর কাছে প্রশ্ন, ওই শটটার কি কোনো নাম আছে, থাকলেও শামীম কি তা জানেন? উত্তরে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। আর এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ, যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি।’
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতে ১৮৩ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ওভারপ্রতি তখনো দরকার ছিল ১০-এর বেশি রান।
সেখান থেকে পারভেজ হোসেনের অল্প সময়ের ঝলকের পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে ম্যাচ জেতান শামীম। দুজন মিলে ১৯ বলে গড়েন ৪৯ রানের জুটি। শামীমের ব্যাট থেকে ১৩ বলে আসে ৩১ রান।
শামীম বলছেন সব সময়ই নিজের ব্যাটিংয়ে তিনি রাখতে চান ইতিবাচকতা, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক চিন্তা নিয়ে যাই যে (গিয়েই) মারা শুরু করব। আমি যদি একটু চালু (আক্রমণাত্মক) খেলতে পারি আমার দলের জন্য অনেক ভালো।’
২০২৫ সালে ৩০টি টি–টুয়েন্টি খেলে ১৫টি জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এবারও বছরের প্রথম টি–টুয়েন্টিতেই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি–টুয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মিরপুরে তৃতীয় ম্যাচটা হয়ে গেছে সিরিজ জয়ের।
সেখানে ভালো করতে আশাবাদী শামীম বলেছেন, ‘গত বছর আমরা অনেকগুলো টি–টুয়েন্টি সিরিজ জিততে পেরেছি। এটা আসলে আমাদের দলের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি করেছে। দুর্ভাগ্যবশত বিশ্বকাপটা মিস করে ফেলেছি। এটা তো কিছু করার নাই। তা–ও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম।’
বিশ্বকাপটা অবশ্য এখন শামীমদের কাছে অতীতই হয়ে গেছে। এখন তাঁদের মনোযোগ আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার দিকে।