‘আইসিসি ট্রফি কি চুরি করে নিয়ে আসবেন’—পিসিবিকে খোঁচা কামরান আকমলের

কামরান আকমলকামরান আকমলের ইনস্টাগ্রাম হ্যান্ডল

‘কমেডি শো’।

কামরান আকমলের চোখে এটাই। তাঁর মতে, পাকিস্তান এখন যেমন ক্রিকেট খেলে, সেটা ‘কমেডি শো’ ছাড়া তাঁর কাছে আর কিছুই না। আকমল এই ‘কমেডি শো উপভোগ করছেন’ বলেও মন্তব্য করেন ইউটিউব চ্যানেল ‘দ্য গেম প্ল্যান’–এর অনুষ্ঠানে। শুধু তা–ই নয়, পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি–টুয়েন্টি খেলা সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান খোঁচাও মেরেছেন দেশের ক্রিকেট দলকে, জিততে না পারলে কি ‘আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবেন!’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। গতকাল অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বাংলাদেশের ২৯০ রান তাড়া করতে নেমে ১১ রানে হেরেছে শাহিন আফ্রিদির দল। এই সিরিজের আগে টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ২০০৯ টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী আকমল সঞ্চালক ও বাসিত আলীকে বলেন, পাকিস্তান ক্রিকেট নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। বরং হাসা উচিত, উপভোগ করা উচিত। এমনভাবে দেখা উচিত যেন ‘কমেডি সিরিয়াল দেখছেন। আমি এভাবেই দেখছি, উপভোগ করছি। কারণ, অভ্যাস হয়ে গেছে। এটা কমেডি সিরিয়ালই। তিন ম্যাচের সিরিজে এই টিম ম্যানেজমেন্টকে ৩০ খেলোয়াড় দিলে, ৩০ জনকেই খেলাত। এদের হার–জিতে কোনো সমস্যা নেই। শুধু পরীক্ষা–নিরীক্ষার শখ।’

বাংলাদেশের কাছে গতকাল ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান
এএফপি

বাংলাদেশের সিরিজ জয়ের পর গতকাল ভার্চ্যুয়ালি আয়োজন করা এই বিশ্লেষণী অনুষ্ঠানে আকমলের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। সেখানে আকমল বলেন, ‘তাদের (টিম ম্যানেজমেন্ট) এই বোধটা হচ্ছে না, সাত–আট বছর ধরে পাকিস্তান দল হারছে। আজ (কাল) তো ১০ নম্বর (৯ম) দলের কাছে সিরিজ হারল।’

আরও পড়ুন

বাবর আজম, ফখর জামানের মতো সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই সিরিজটি খেলেছে পাকিস্তান। তরুণদের বেশি বেশি সুযোগ দিতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ওয়ানডেতে চারজনের ওয়ানডে অভিষেক করায় পাকিস্তান। কাল তৃতীয় ম্যাচেও গাজি ঘোরি ও সাদ মাসুদের অভিষেক হয় পাকিস্তানের জার্সিতে। মোহাম্মদ ওয়াসিমের জায়গায় দলে ঢোকেন আবরার আহমেদ।

আকমল এরপর বলেন, ‘ম্যাচটি হেরে গেছেন। আপনারা কিসের পরীক্ষা–নিরীক্ষা করলেন! পিচটা ভালো ছিল। টসে জিতে কেন বোলিং করা হলো? ব্যাটিং করা হলো না কেন? তারা ৩৫০ করতে পারত। লিটন দাস একটু মন্থর খেলায় ২৯০ হয়েছে। এটা ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে না পারলে উন্নতি হবে কীভাবে? আইসিসি ট্রফি কি চুরি করে নিয়ে আসবেন?’

ওয়ানডে সিরিজ হারের আগে টি–টুয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি পাকিস্তান
এএফপি

আকমল এই খোঁচাটা মেরেছেন গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপের ঘটনা থেকে। পাকিস্তানের বিপক্ষে ফাইনাল জয়ের পর রাজনৈতিক কারণে এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেট দল। নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ভারত নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি না হওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর ট্রফি দেওয়া হয়নি, নাকভির নির্দেশে সেটি নিয়ে যাওয়া হয় দুবাইয়ে এসিসির সদর দপ্তরে। এশিয়া কাপের ট্রফি এখনো ভারতকে হস্তান্তর করা হয়নি।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের আগে টি–টুয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হেরেছে। সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষেও হেরে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ম্যাচে ন্যূনতম ৬৫ রানে জিতলে সেমিফাইনালে উঠতে পারত পাকিস্তান। ম্যাচটি জিতলেও পাকিস্তান এই সমীকরণ মেলাতে পারেনি। এ নিয়ে টানা চতুর্থ আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান।

আকমল তুমুল সমালোচনা করে আরও বলেন, ‘সৃষ্টিকর্তার দোহাই লাগে, পাকিস্তান ক্রিকেট নিয়ে একটু ভাবুন। কতটা নিচে নেমেছি আমরা, শুধু সেটা দেখুন। নেদারল্যান্ডস হয়তো ভাবছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারলে হয়তো তারা টেস্ট মর্যাদা পাবে। কারণ, তারাও আমাদের হারাতে পারবে। আপনারা নিজেদের ক্রিকেটকে হাস্যকর করে তুলছেন। আপনাদের এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই।’