বিশ্বকাপ দলে নেই ফন নিকার্ক, ছুটিতে গেলেন দাম্পত্য সঙ্গী মারিজান কাপ
ফিটনেস টেস্টে উতরাতে পারেননি বলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দলে জায়গা হয়নি অধিনায়ক ডেন ফন নিকার্কের। তাঁর এভাবে জায়গা না পাওয়া মানতে পারেননি সতীর্থ ও দাম্পত্য সঙ্গী মারিজান কাপ। ভেঙে পড়েছেন মানসিকভাবে। এমন পরিস্থিতিতে ছুটিও চান তিনি।
‘মানবিক কারণে’ সেটি মঞ্জুর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আজ ভারতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলছেন না কাপ। তাঁর ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ হিল্টন মরিং। সিএসএ’র আশা, বিশ্বকাপের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কাপ।
অ্যাঙ্কেলের চোটে গত সেপ্টেম্বর থেকেই খেলার বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক ফন নিকার্ক। কোচ মরিং আশা করেছিলেন, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন অধিনায়ক। তবে বোর্ডের দেওয়া ফিটনেস টেস্টের সব মানদণ্ড পূরণ করতে পারেননি। যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। কাপ মানতে পারেননি সেটিই। জানা গেছে, দুজন নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎও বিবেচনা করছেন।
কাপকে ছুটি দেওয়া নিয়ে মরিং বলেছেন, ‘আমরা তাকে ছুটি দিয়েছি যাতে সে বিশ্বকাপে আসতে পারে এবং খেলার জন্য প্রস্তুত হতে পারে।’ এ সময় বিশ্বকাপ দলে না থাকলেও ভবিষ্যতে নিকার্ককে বিবেচনা করা হবে বলেও জানান প্রোটিয়া কোচ।
দাম্পত্য সঙ্গী নিকার্ক বাদ পড়ার পর হৃদয় ভাঙার ইমোজি দিয়ে টুইটও করেছিলেন কাপ। ৩৩ বছর বয়সী কাপ ও ২৯ বছর বয়সী নিকার্ক লম্বা সময় ধরে একসঙ্গে খেলছেন। দুজনেরই অভিষেক হয় ২০০৯ সালে। তাঁরা বিয়ে করেছেন ২০১৮ সালে।
ফিটনেস টেস্টে ফন নিকার্ক মূলত ব্যর্থ হয়েছিলেন ৯ মিনিট ৩০ সেকেন্ডে ২ কিলোমিটার দৌড়াতে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, ২ কিলোমিটার দৌড়াতে নির্দিষ্ট সময়ের চেয়ে ১৮ সেকেন্ড বেশি নিয়েছেন ফন নিকার্ক। যদিও এ ক্ষেত্রে নিজের সেরা ‘পারফরম্যান্স’টিই দিয়েছেন তিনি।
গত ২৭ জানুয়ারি সর্বশেষ ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হয় ফন নিকার্ককে। তাঁর বদলে এ মাসে শুরু হতে যাওয়া দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সুনে লুস।