শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কত ইনিংস দরকার কোহলির
খেলোয়াড়ের নাম বিরাট কোহলি বলেই এই আলোচনা। নইলে শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙা নিয়ে এত কথা হয়তো হতো না। কিন্তু কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি এখন ৮৬টি বলেই এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে।
৩৭ বছর বয়সী কোহলি এখন খেলেন শুধু ওয়ানডেতে। জানিয়ে দিয়েছেন, এই সংস্করণে তাঁর শেষ বিশ্বকাপ ২০২৭ সালে। সময় তাই খুব বেশি নেই। এত অল্প সময়ে আরও ১৫টি সেঞ্চুরি করা সম্ভব? নামটা যে কোহলি! পরিশ্রম আর একাগ্রতা দিয়ে পুরো ক্যারিয়ারে নিজেকে যেভাবে ভেঙেছেন–গড়েছেন, তাতে তাঁর সামনে ‘অসম্ভব’ বলে কিছু নেই। হিসাবনিকাশ কী বলে, চলুন তা জেনে নিই।
দরকার ১৫ সেঞ্চুরি
শচীনের রেকর্ড ছুঁতে কোহলির প্রয়োজন আরও ১৪টি সেঞ্চুরি। রেকর্ড ভাঙতে হলে করতে হবে ১৫ সেঞ্চুরি। এখন প্রশ্ন, হাতে সময় কতটা?
কোহলি সম্ভবত ২০২৭ বিশ্বকাপ পর্যন্তই ওয়ানডে খেলবেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে। কারণ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এরপর আর তিনি বিশ্বকাপ খেলবেন না। ভারত সাধারণত বিশ্বকাপ মাথায় রেখেই পরিকল্পনা করে। তাই কোহলিকে এরপর আর ভারতের জার্সিতে না দেখার সম্ভাবনাই বেশি।
ক্যারিয়ার বলছে ১১০ ইনিংস
তিন সংস্করণ মিলিয়ে কোহলি ৬৩০ ইনিংসে করেছেন ৮৬ সেঞ্চুরি। অর্থাৎ গড়ে প্রতি ৭.৩৩ ইনিংসে একটি সেঞ্চুরি। এই হার ধরে এগোলে ১০১ আন্তর্জাতিক সেঞ্চুরিতে যেতে তাঁর লাগবে আরও প্রায় ১১০টি ইনিংস। সংখ্যাটা শুনলেই বোঝা যায়, কাজটা কতটা কঠিন। তবে এখানে একটা বড় পার্থক্য আছে। কোহলি এখন আর টেস্ট বা টি-টুয়েন্টি খেলছেন না। তাঁর সামনে মূলত ওয়ানডে। আর সেঞ্চুরি করার ক্ষেত্রে এটাই তাঁর সবচেয়ে সফল সংস্করণ।
ওয়ানডেতে হিসাবটা একটু সহজ
ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি ৫৫টি। এগুলো এসেছে ৩০৫ ইনিংসে। অর্থাৎ প্রতি ৫.৫৫ ইনিংসে একটি সেঞ্চুরি। এই হার ধরে ১৫টি সেঞ্চুরি করতে তাঁর প্রয়োজন হবে প্রায় ৮৩টি ওয়ানডে ইনিংস। সেটিও তো অনেক দূরের পথ।
সাম্প্রতিক ফর্ম কী বলছে
সাম্প্রতিক ফর্ম আশাবাদী করতে পারে কোহলিকে। গত দুই বছরে কোহলি ১০ ইনিংসে করেছেন চারটি সেঞ্চুরি। অর্থাৎ প্রতি ২.৫ ইনিংসে একটি। এই হার যদি তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারেন, তাহলে ১৫টি সেঞ্চুরি করতে লাগবে ৩৮ ইনিংস। হিসাবটা তখন অনেকটাই বদলে যায়। কিন্তু এখানেও ঝামেলা আছে। ১০ ইনিংসের নমুনা খুবই ছোট। ক্যারিয়ারজুড়ে প্রতি ২.৫ ইনিংসে একটি সেঞ্চুরি করা তাঁর স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি। তাই এই গতি ধরে রাখা কতটা সম্ভব, সেটিই বড় প্রশ্ন।
হাতে আছে কত ম্যাচ
কোহলি–ভক্তরা হয়তো হতাশ হবেন। বিশ্বকাপের আগে ভারতের এখন পর্যন্ত নিশ্চিত ওয়ানডে ম্যাচ আছে মাত্র ১৩টি। এর সঙ্গে যোগ হতে পারে একটি ওয়ানডে এশিয়া কাপ। সূচিতে আরও কিছু ম্যাচ ঢোকার সম্ভাবনাও আছে। এরপর ২০২৭ বিশ্বকাপ।
ভারত যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে বিশ্বকাপেই খেলতে পারে ১৩টি ম্যাচ। সব মিলিয়ে কোহলির সামনে আনুমানিক ৩০টি ওয়ানডে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লাগবে প্রতি দুই ইনিংসে একটি করে সেঞ্চুরি!