‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে
ক্রিকেট বলটা হাতে নিয়ে একটু বাঁকিয়ে দিলেই ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম হয়ে যেত। কখনো ইনসুইং, কখনো আউটসুইং। আর ইয়র্কার হলে তো কথাই নেই। ব্যাটসম্যানের স্টাম্প ছত্রখান!
ওয়াসিম আকরামের হাত থেকে বের হওয়া বলের এমনই জাদু দেখেছে ক্রিকেট–বিশ্ব। সে জন্যই তাঁর নাম ‘সুলতান অব সুইং’। কিন্তু প্রকৃতির কী অদ্ভুত খেয়াল, সেই সুলতানের বড় ছেলে তৈমুর আকরাম ক্রিকেট বল হাতে নেননি। বাবার মতো সুইং করানোর নেশা তাঁর নেই। বরং তাঁর নেশা প্রতিপক্ষকে ঘুষি মেরে কুপোকাত করা! ক্রিকেটের রাজপুত্রের ছেলে হয়েছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) যোদ্ধা।
‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’ কথাটা সব সময় সত্যি হয় না। ‘সুলতান অব সুইং’–এর ছেলে ক্রিকেট বলের সুইং–টুইংয়ের ধার ধারেননি। তাঁর পথটা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হওয়ার। বাবার কাছে অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং ছেলের লড়াই দেখে গর্বে বুকটা চওড়া হয়েছে তাঁর।
গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুরের একটি ছবি পোস্ট করেছেন ওয়াসিম আকরাম। ছবিতে মুষ্টিবদ্ধ হাত। লড়াইয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ৩০ বছর বয়সী তৈমুর। ছবিটি তোলা হয়েছে তাঁর একটি এমএমএ ম্যাচের পর। ছবির সঙ্গে বাবার উচ্ছ্বাসও প্রকাশ পেয়েছে ক্যাপশনে। আকরাম লিখেছেন, ‘কী দারুণ লড়াই! কী দারুণ জয়! ম্যাচ তিন রাউন্ড পর্যন্ত গড়িয়েছিল, বাইরে থেকে (সাইডলাইন) তা দেখা সহজ ছিল না। তবে তুমি দারুণ মনোবল, দৃঢ়তা ও লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ পর্যন্ত পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এসেছ!’
যুক্তরাষ্ট্রের স্থানীয় এক প্রতিযোগীকে হারিয়েছেন তৈমুর। এমএমএতে এটি তাঁর টানা চতুর্থ জয়। মজার ব্যাপার, এখন পর্যন্ত ক্যারিয়ারে হারেননি একবারও। বাবা ওয়াসিম আকরামের আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ আছে। তাই তো লিখেছেন, ‘এর চেয়ে বেশি খুশি বা গর্বিত হতে পারতাম না! অসাধারণ পারফরম্যান্স, তৈমুর! লড়াই চালিয়ে যাও, আরও এগিয়ে যাও এবং সামনের দিনগুলোতে তোমার জন্য রইল শুভকামনা।’
তবে পোস্টের নিচে ভক্তদের মন্তব্যগুলো আরও মজার। একজন লিখেছেন, ‘তাকে ইনসুইং পাঞ্চ শেখান।’ আরেকজনের আবদার, ‘ওয়াসিম ভাই, দয়া করে তাকে ইয়র্কার পাঞ্চ শেখান।’
ক্রিকেটের পরিভাষা এমএমএর রিংয়ে নিয়ে যাওয়ার এমন চেষ্টা অবশ্য প্রশংসার দাবি রাখে! ইনসুইং আর ইয়র্কার যে ক্রিকেটে ব্যাটসম্যানের জন্য আতঙ্ক, সেটা জানেন ওয়াসিমের ভক্তরা। এখন তাঁরা চাইছেন, সেই অস্ত্রের নতুন সংস্করণ দেখুক এমএমএর প্রতিপক্ষরাও। অবশ্য ঘুষিতে ইনসুইং হয় কি না, কিংবা ইয়র্কার পাঞ্চ বলে আদৌ কিছু আছে কি না, সে বিতর্ক অন্য দিনের জন্য তোলা থাক!
তৈমুরের এই পথে আসা কীভাবে
বাবা ক্রিকেটের কিংবদন্তি। ছেলেরও ক্রিকেটার হওয়ার কথা ছিল, এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু তৈমুরের গল্পটা একটু অন্য রকম। ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হুমা মুফতি ২০০৯ সালে মারা যান। তাঁদের দুই ছেলে তৈমুর ও আকবর। পরে ২০১৩ সালে অস্ট্রেলিয়ান শানেইরা থমসনকে বিয়ে করেন আকরাম। এই সংসারে তাঁদের মেয়ে আইলা।
তৈমুর থাকেন যুক্তরাষ্ট্রে। সেখানে ক্রিকেটের জনপ্রিয়তা কিংবা প্রচলন কোনোটাই খুব বেশি নয়। ২০২৩ সালে ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানিয়েছিলেন, তাঁর বড় ছেলে ক্রিকেটের বদলে এমএমএ ফাইটার হওয়ার পথ বেছে নিয়েছে। বাবার মতো ক্রিকেটার না হওয়ার সিদ্ধান্তে আকরামের কোনো আপত্তি ছিল না। বরং সন্তানের নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছেন তিনি। আকরামের ভাষায়, ‘আমার ছেলে আমেরিকায় থাকে, সেখানে তো সেভাবে ক্রিকেট নেই বললেই চলে। যাহোক, আমি সন্তানদের তাদের নিজেদের পছন্দমতো জীবনযাপনের স্বাধীনতা দিয়েছি। সে যদি ফাইটার (যোদ্ধা) হতে চায়, তবে তার সেটাই হওয়া উচিত।’