নাজমুলের ম্যাচসেরা বাংলাদেশ দল, বাকি একটি দিনে কী করবেন জানালেন

ডারউইনে জয়ের পর সতীর্থদের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেনশামসুল হক

ডারউইন টেস্টে এখনো এক দিন বাকি। কী করবে বাংলাদেশ দল?

খেলার ফল জানা থাকলে প্রশ্নটি শুনে হেসে ফেলতে পারেন। বাংলাদেশ দল এই টেস্টে কয় দিন টিকবে, তা নিয়ে খেলা শুরুর আগে কম আলোচনা হয়নি। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে বাংলাদেশের জয়ের পর দেখা গেল, এখনো একটি দিনের বেশি সময় বাকি আর টিকতে না পারা দলটি অস্ট্রেলিয়া!

বাংলাদেশের ৯ উইকেটের এই অসাধারণ জয়ের অন্য ভাষায় হয়তো অস্ট্রেলিয়ার প্রায় ‘নিঃশর্ত আত্মসমর্পণ।’ কারণ, এ চার দিনে একটি সেশনেও দাপট দেখাতে পারেনি প্যাট কামিন্সের দল। উল্টো বাংলাদেশই তাদের ঘুরে ঢুকে শাসন করে ম্যাচটা এক দিন হাতে রেখেই জিতে নিল। এখন বাকি থাকা এ একটি দিনে কী করবে বাংলাদেশ দল? সংবাদ সম্মেলনে এই প্রশ্নই করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।

উত্তর শুনুন তাঁর মুখেই, ‘আমার মনে হয় এ রকম জয়ের পরে অবশ্যই উদ্‌যাপন করা উচিত। এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরা দিন উদ্‌যাপন করা উচিত, খুব ভালোভাবে উদ্‌যাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করব।’

সত্যি বলতে আমার ম্যাচসেরা বাংলাদেশ দল। আপনি যদি দেখেন, সবাই কোনো না কোনো জায়গায় অবদান রেখেছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

বাংলাদেশকে উদ্‌যাপনের উপলক্ষ এনে দিয়েছে দলীয় পারফরম্যান্স। হাসান মাহমুদের ৯ উইকেট, তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুলের ৮৪, মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংস ও ৫ উইকেট—এসবের বাইরেও ছোট ছোট কিছু অবদান আছে বাকিদের। যেমন ধরুন মুমিনুলের ৪৯, তাসকিন ও ইবাদতের ২টি করে উইকেট, লোয়ার অর্ডারে দৃঢ়তা কিংবা আজ চতুর্থ দিনে সকালের সেশনে লিটন দাসের নেওয়া অ্যালেক্স ক্যারির ক্যাচ—বাংলাদেশের জয়ে তাদের পারফরম্যান্সের অবদানও কম নয়। যদিও ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ। নাজমুলের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর ম্যাচসেরা কে?

আরও পড়ুন

বাংলাদেশ দল। এটাই নাজমুলের উত্তর। নিজের ব্যাখ্যায় শুরুটা করলেন এভাবে, ‘সত্যি বলতে আমার ম্যাচসেরা বাংলাদেশ দল। আপনি যদি দেখেন, সবাই কোনো না কোনো জায়গায় অবদান রেখেছে।’

নাজমুল এরপর বলে যান, ‘তামিমের প্রথম সেঞ্চুরি—এটা অবশ্যই বিশেষ মুহূর্ত ওর জন্য, মাত্র দ্বিতীয় টেস্ট খেলছে। মিরাজ এ রকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এ কন্ডিশনে ব্যাটিং-বোলিং যেভাবে করল, এটা অসাধারণ। এমনকি সাদমানের প্রথম ইনিংসের ২০টা রানও অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

মুশফিক ও নাজমুলের চোখেমুখে কী আনন্দ! ডারউইন টেস্ট জয়ের পর
শামসুল হক

বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের আলাদা করে প্রশংসা করলেন নাজমুল। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৭০ বলে ৪৬ রানের জুটি গড়েন হাসান মাহমুদ। ৯৬ বলে ৪৬ রানের জুটি গড়েন তাসকিন, মিরাজের সঙ্গেই। তাদের দৃঢ়তায়ই প্রথম ইনিংসে দুই শর (২২৮) বেশি রানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া।

হাসান-তাসকিনদের প্রশংসা করে নাজমুল বলেন, ‘যদি সবকিছু এক পাশে রেখে একটি জিনিস উল্লেখ করি তাহলে আমি বলব যে লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে। হাসান, তাইজুল, তাসকিন, এমনকি ইবাদত। এই অবদানগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য যেটা আমরা খুব বেশি করতে পারি না। আমার মনে হয় তাদের অনেক বড় কৃতিত্ব দেওয়া উচিত। পাশাপাশি আমি বলব যে সবার জায়গা থেকেই অবদান ছিল।’

আরও পড়ুন