এক দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরি পেলেন মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈমবিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হলেও তাতে ওপেনার রাখা হয়েছে মাত্র দুজন। তানজিদ হাসান আর সাদমান ইসলাম বাদে আর কাউকে না রেখে অন্যদের জাতীয় ক্রিকেট লিগে পরখ করতে চান বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

সম্ভাব্য সেই বিকল্প ওপেনারদের মধ্যে দুজন আজ জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করেছেন। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মোহাম্মদ নাঈম আউট হয়েছে ২৮২ রান করে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা মাহফিজুল ইসলাম খেলেছেন ২১৭ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া জাকির হাসান সেঞ্চুরি করে এই মুহূর্তে ব্যাট করছেন।

নাঈমের ২৮২

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে গতকাল ম্যাচের প্রথম দিনে ১৭১ রানে অপরাজিত ছিলেন ঢাকার নাঈম। আজ দ্বিতীয় দিনে ইনিংসটা তিনি দুই শ ছুঁয়ে তিন শর দিকেও এগিয়ে নেন।

ডাবল সেঞ্চুরির পর নাঈম
বিসিবি

৪৬টি প্রথম শ্রেণির ক্যারিয়ারে নাঈমের সর্বোচ্চ ছিল ১৮০। আজ তিন শর হাতছানির মধ্যে স্পিনার রহিম আহমেদের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে কাভারে ক্যাচ দেন তিনি। ৩৬৯ বল খেলা ইনিংসে ছিল ২১টি চার ও ৭টি ছক্কা।

আরও পড়ুন

মাহফিজুলের ২১৭*

বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিন শেষে ১৫৬ রানে অপরাজিত ছিলেন ময়মনসিংহের মাহফিজুল। আজ ইনিংসটা তিনি ২১৭ রান পর্যন্ত টেনে নিয়েছেন। মাহফিজুল অবশ্য আউট হননি। ময়মনসিংহ ৭ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করলে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে হয় অপরাজিত থেকে।

৩৫১ বল খেলা ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কা। জাতীয় লিগের দলে যোগ দেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলেছেন মাহফিজুল। সেখানে অবশ্য ৮ বলে ৪ রান করে আউট হয়েছেন।

জাকিরের সেঞ্চুরি

কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের অন্য ম্যাচে খেলছে সিলেট–খুলনা। প্রথমে ব্যাট করা সিলেট বিভাগের হয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন জাকির হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১২ রানে ব্যাট করছিলেন বাঁহাতি এই ওপেনার।

আরও পড়ুন