শেষে গিয়ে সহজ জয় শ্রীলঙ্কার
কী চাপেই না পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা! শেষ ৬ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬০ রান, হাতে ৮ উইকেট। সেই মনে হচ্ছিল, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে হচ্ছি হচ্ছি করেও যে অঘটন হচ্ছিল না; সেটার দেখা এবার হবে!
কিন্তু ওখান থেকেই পথ হারাতে শুরু করে আয়ারল্যান্ড। একের পর এক উইকেট হারিয়ে অলআউটই হয়ে যায় তারা। শ্রীলঙ্কাও অবশেষে পেয়ে যায় সহজ জয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলঙ্কা। শেষ ৩৫ বলে ৩৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড অলআউট হয় ১৪৩ রানে। শ্রীলঙ্কা ম্যাচটি জেতে ২০ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে আইরিশরা। ১০০ রান তুলে ফেলে তাড়া ১৩.৪ ওভারে। এর মধ্যে হারিয়েছে মাত্র আরেকটি উইকেট। কিন্তু ১৫ তম ওভার থেকে শুরু হয় আইরিশদের পতন। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষ ৬ ওভারের প্রত্যেকটি ওভারেই উইকেট হারিয়েছে তারা। এর মধ্যে মহীশ তিকশানা করা ১৭ তম আর মাতিশা পাতিরানার ২০ তম ওভারে দুটি করে।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাতিরানা নিয়েছেন ২ উইকেট, দুষ্মন্ত চামিরা ও দুনিত ভেল্লালাগে ১টি করে।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসে আইরিশরা খেসারত দিয়েছে একের পর এক ক্যাচ মিসের। শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ দুই স্কোরার কুশল ও কামিন্দু মেন্ডিসের সহ মোট ছয়টি ক্যাচ ছেড়েছে আয়ারল্যান্ডের ফিল্ডাররা। এরই সুযোগ নিয়ে দেড় শর বেশি রান তুলতে পারে লঙ্কানরা।
৪৩ বলে ৫ চারে কুশল মেন্ডিস সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান করেছেন। তবে শ্রীলঙ্কার ইনিংসটা অত দূর পর্যন্ত গেছে মূলত কামিন্দু মেন্ডিসের ঝোড়ো ইনিংসে। ভেঙে পড়তে চলা শ্রীলঙ্কার ইনিংসটি কামিন্দু ঠিক রেখেছেন ১৯ বলে ৪৪ রান করে।
১৪ তম ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ৮৬, সেই সময় ব্যাট করতে নামেন কামিন্দু। টানা ৫৭ বলের বাউন্ডারি-খরা কাটান দৃষ্টিনন্দন একটি রিভার্স সুইপে। ১৭ তম ওভারে তাঁর তাণ্ডবে আয়ারল্যান্ডকে গুনতে হয় ২১ রান।
কামিন্দু যখন আউট হন, শ্রীলঙ্কার ইনিংসের ৮ বল বাকি। সেই সময় তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৫৩। তাঁর ক্যামিও ইনিংসে ছিল চারটি চার ও দুটি বিশাল ছক্কা। উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিসের ইনিংসটি ছিল এক প্রান্ত ধরে রাখার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৩ / ৬ (কুশল মেন্ডিস ৫৬ *, কামিন্দু মেন্ডিস ৪৪, নিশাঙ্কা ২৪; ডকরেল ২/১৭, ম্যাকার্থি ২/৪০, ডেলানি ১/২৪, সার্ক অ্যাডাইর ১/৩৩)। আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১৪৩ (টেক্টর ৪০, রস অ্যাডাইর ৩৪, টাকার ২১; তিকশানা ৩/২৩, হাসারাঙ্গা ৩/২৫, পাতিরানা ২ / ২৬, চামিরা ১/২৫, ভেল্লালাগে ১/২৮)। ফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামিন্দু মেন্ডিস।