১২ বছর পর বিশ্বকাপে ফিরে এক ম্যাচ টিকলেন টেলর

জিম্বাবুয়ে তারকা ব্রেন্ডন টেলরআইসিসি

কলম্বোয় আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টসের সময় দুঃসংবাদটি জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন টেলরকে আর পাচ্ছে না জিম্বাবুয়ে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ এক যুগ পর এবার ফিরেছেন ৪০ বছর বয়সী টেলর। ওমানের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচে ৩০ বলে ৩১ রান করলেও দৌড়াতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয়। স্টাম্পের পেছনে তিনটি ক্যাচও নেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান টেলর।

জিম্বাবুয়ে এখনো টেলরের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। ‘বি’ গ্রুপ থেকে তাদের হাতে আরও দুটি ম্যাচ আছে। এ কারণে ধারণা করা হচ্ছে দ্রুতই টেলরের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটকিপিংয়ের দায়িত্বে তাদিওয়ানাশে মারুমানি। টেলরের জায়গায় অলরাউন্ডার টনি মানইয়োঙ্গাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেলরের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ ছিল। ফিট না হয়ে উঠলে তাঁকে এই ম্যাচে বসিয়ে পরের দুই ম্যাচে খেলানো হতে পারে—এমন গুঞ্জনও ছিল।

আরও পড়ুন

আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা ভোগ করার পর গত বছর জুলাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেলর। তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় গত ২৫ জুলাই। এরপর গত আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য জিম্বাবুয়ে দলে তাঁকে রাখা হয়। ফেরার পর টেলর দুটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। টি-টুয়েন্টি খেলেছেন ১৪টি। এর মধ্যে গত বছর সেপ্টেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বতসোয়ানার বিপক্ষে ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন।