পাকিস্তান ম্যাচের প্রস্তুতি নামিবিয়াকে উড়িয়ে সারল ভারত

ব্যাটে–বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়াএএফপি

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে দারুণ প্রস্তুতি সারল ভারত। আজ নামিবিয়ার বিপক্ষে ওপেনার ঈশান কিষানের ঝোড়ো ইনিংসে ভর করে ৯ উইকেটে ২০৯ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর নামিবিয়াকে ১১৬ রানে অলআউট করে দিয়ে ম্যাচটি জিতেছে তারা ৯৩ রানের বিশাল ব্যবধানে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ৮ বলে সঞ্জু স্যামসনের ২২ রানের ক্যামিও আর ঈশান কিষানের একের পর এক ছক্কায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দারুণ শুরু পায় স্বাগতিকেরা।
শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২৮ বলে ৫২ রানে দুই শ পার করে ভারত। রানটা আরও অনেক বেশি হতে পারত, কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলায় সেটা আর হয়নি। এর আগে ভালো শুরু পেয়েও আউট হন স্যামসন। তবে ঈশান ছিলেন পুরোপুরি ছন্দে। বাঁহাতি পেসার জেজে স্মিটকে এক ওভারে চারটি ছক্কা ও একটি চার মেরে মাত্র ২০ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি।

সপ্তম ওভারেই ভারতের রান পৌঁছে যায় ১০০-তে। তবে অফ স্পিনার গেরহার্ড ইরাসমাস নিজের প্রথম বলেই ঈশানের ইনিংস থামিয়ে দেন। ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
স্পিন দিয়ে ভারতের রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনে নামিবিয়া। বাঁহাতি স্পিনার বার্নার্ড স্কোল্টজ সুর্যকুমার যাদবকে ১২ রানে ফেরান। পরের ওভারেই ইরাসমাসের দ্বিতীয় আঘাতে ২৫ রান করে ফেরেন তিলক বর্মা।
এরপর হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে (২৩) পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়েন। পান্ডিয়াকেও অবশ্য ইরাসমাসই ফেরান। ইরাসমাস ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট।

২৮ বলে ৫২ রান করেছেন পান্ডিয়া
এএফপি

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। ৭.১ ওভারে ১ উইকেটে ৬৭ রান তোলে তারা। কিন্তু ৩০ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১১৬ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বরুণ অরুণ। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্যাট হাতে ২৮ বলে ৫২ রান করার পর বল হাতে ২১ রান দিয়ে ২ উইকেট নেওয়া পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০৯/৯ (ঈশান কিষান ৬১, পান্ডিয়া ৫২; ইরাসমাস ৪/২০)।
নামিবিয়া: ১৮.২ ওভারে ১১৬ (বরুণ অরুণ ৩/৭, পান্ডিয়া ২/২১, অক্ষর ২/২০)।
ফল: ভারত ৯৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হার্দিক পান্ডিয়া (ভারত)।