নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা
নিগার সুলতানা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে কে আসছেন, এ নিয়ে কৌতুহল ছিল। আজ মিলেেছ সেই প্রশ্নের উত্তর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের হাতে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
নাহিদার সঙ্গে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। ২৪ বছর বয়সী এই ব্যাটারকে দলের সহ-অধিনায়ক করেছে বিসিবি।
২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদা আছেন পাঁচ নম্বরে।
নতুন সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ।
এই সংস্করণে বাংলাদেশের মাত্র তিনজন নারী ব্যাটার এক হাজারের বেশি রান করেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের পর তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের প্রথম পরীক্ষা হতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ।