রোহিতের রেকর্ড কাড়া সেই ওয়াসিমের ১০০ ছক্কা

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ১০১টি ছক্কা মেরেছেন মুহাম্মদ ওয়াসিমআমিরাত ক্রিকেট বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালে ভারতের জার্সিতে ৭৮টি ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। সেপ্টেম্বরের সেই দিনটায় রোহিতের ছক্কার সেই রেকর্ড কেড়ে নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। গালফ ক্রিকেট টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কুয়েতের বিপক্ষে ৭ ছক্কার শেষটি মেরেই রোহিতকে ছাড়িয়ে যান আমিরাতি ওপেনার। সেই ওয়াসিম রোববার প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করেই শেষ করেছেন ২০২৩ সাল।  

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটা ওয়াসিম শুরু করেন বছরে ৯৮ ছক্কা নিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে ফজলহক ফারুকিকে ছক্কা মেরে ৯৯ ছোঁয়া আমিরাত অধিনায়ক ‘১০০’ পেয়ে যান ষষ্ঠ ওভারে। বাঁহাতি লেগ স্পিনার নুর আহমেদের করা ওভারটার প্রথম বলে ছক্কা মেরেই মাইলফলকটি ছুঁয়ে ফেলেন ওয়াসিম। তিন বল পরেই ১০১ নম্বর ছক্কাটাও পেয়ে যান পাকিস্তানের মুলতানে জন্ম নেওয়া এই ক্রিকেটার।

আরও পড়ুন

অধিনায়কের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি জিতেছে আমিরাত। ওয়াসিম (৩২ বলে ৫৩) ও আরেক ওপেনার আরিয়ান লাকরার (৪৭ বলে অপরাজিত ৬৩) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৬৬ রান তোলে আমিরাত। রান তাড়ায় ১৯.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে ১১ রানে হারে আফগানরা। এর ফলে সিরিজে সমতাও এসেছে। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা

ওয়াসিম ২০২৩ সালে ৪৭ ম্যাচ খেলে মেরেছেন ১০১ ছক্কা। ২০১৯ সালে রোহিতও ৪৭ ম্যাচ খেলে সে সময়ের রেকর্ড ৭৮ ছক্কা মেরেছিলেন। রোহিত অবশ্য ভেঙেছিলেন নিজের রেকর্ড। ২০১৮ সালে ৭৪টি ছক্কা মেরেছিলেন ভারতের ওপেনার। সেই রোহিত ২০২৩ সালেও ছাড়িয়ে গেছেন নিজেকে, ৩৫ ম্যাচে মেরেছেন ৮০টি ছক্কা।

আরও পড়ুন

তিন সংস্করণ মিলিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেও আলাদা আলাদা সংস্করণের রেকর্ডে নেই ওয়াসিমের নাম। ওয়াসিমদের টেস্ট মর্যাদা নেই, ওই সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৪ সালে ৯ টেস্টের ১৬ ইনিংসে ৩৩টি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ফিফটির পর সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম
আমিরাত ক্রিকেট বোর্ড

ওয়ানডের রেকর্ডটা রোহিত শর্মার। ২০২৩ সালে ২৭ ম্যাচে ৬৭টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। গেল বছর ২৪ ম্যাচে ৪৭ ছক্কা নিয়ে সেই তালিকার পাঁচে ওয়াসিম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির এই রেকর্ডে ওয়াসিম আছেন দুইয়ে। ছক্কার সেঞ্চুরির পথে ৫৪টি ছক্কাই ওয়াসিম মেরেছেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে। ওই সংস্করণে গত বছর তিনি খেলেছেন ২৩ ম্যাচ। ২০২২ সালে ১৬ ম্যাচে ৪৩ ছক্কা নিয়ে তিনেও ওয়াসিমের নাম। রেকর্ড ভারতের সূর্যকুমার যাদবের। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচে ৬৮টি ছক্কা মেরেছিলেন ‘স্কাই’।

আরও পড়ুন