নির্বাচিত হয়ে পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক শাকরুল

মীর শাকরুল আলমসৌজন্য ছবি

রাজশাহী বিভাগ থেকে বিসিবির একটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন একজনই। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে যান। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার পরদিনই আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে শাকরুল। আজ বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে সেখানে তিনি বলেছেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে তাঁর পক্ষে বিসিবি পরিচালকের দায়িত্ব পালন সম্ভব নয়।

শাকরুল তাঁর পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানিয়ে পদত্যাগপত্রে লিখেছেন, ‘বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার ন্যস্ত থাকায় এ রকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না বিধায় ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়
প্রথম আলো

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মীর শাকরুল আলম প্রথম আলোকেও একই কথা বলেন, ‘আমি নিয়ম মেনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। আমার বাবা সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় পারিবারিক ব্যবসাসহ অন্যান্য দায়িত্ব আমার ওপর অনেক বেশি। সে কারণে আপাতত ব্যবসায় মনোযোগ দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছি।’

আরও পড়ুন

শাকরুল আরও বলেন, ‘বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। তবে বর্তমান বাস্তবতায় পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তাই ব্যক্তিগত ও পারিবারিক ব‍্যবসার বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্লাব থেকে ১২ জন ও বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি হিসেবে একজন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এনএসসি মনোনীত পরিচালক হয়েছেন দুজন। ২৫ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।