ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন
ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা যেমনই থাক, দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ-উত্তেজনা দেখা যায় নিয়মিতই। তেমনই একটি ম্যাচ ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের খেলায়। এবার সেদিনের আচরণ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
দুই দলের খেলোয়াড়দের আচরণ তরুণ প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দুই দেশের ক্রিকেট বোর্ডকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, আক্রমণাত্মক উদ্যাপন এবং ম্যাচের পরও উত্তেজনা ছিল আলোচনায়।
এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা জয়ের পর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মাঠে যা ঘটেছে, তা ঠিক নয়। এটা লজ্জাজনক এবং পরবর্তী প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে।’
রোববারের ম্যাচে উত্তেজনার শুরু অবশ্য খেলা শুরুর আগেই। টসের সময় ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা ও পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ হাত মেলাননি। এই চিত্র অবশ্য গত বছরের এশিয়া কাপ থেকেই চলছে।
ম্যাচের দুই ইনিংসেই উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন দুই দলের ক্রিকেটাররা।
পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ভারতের পেসার হর্ষিত রানার সঙ্গে কথা-কাটাকাটি হয় শামিল হুসাইন ও মাজ সাদাকাতের। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে আক্রমণাত্মক ভঙ্গিতে বিদায় জানান রানা। পরে রোহাইল নাজিরকে আউট করার পরও একইভাবে উদ্যাপন করেন তিনি।
রান তাড়ায় ভারতের ইনিংসেও বৈভব সূর্যবংশীর আউটের পর এক দফা কথার লড়াই হয় দুই দলের মধ্যে। শেষ দিকে রানা আউট হওয়ার পর পরিস্থিতি আরও খারাপের দিকে। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম তাঁর দিকে এগিয়ে যান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থরা তাঁকে থামানোর চেষ্টা করেন। আম্পায়ারের হস্তক্ষেপেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয়।
এ ছাড়া ম্যাচের দুই দলের ফিল্ডাররাই মাঠে থাকা ব্যাটসম্যানদের নিয়মিত উত্ত্যক্ত করে গেছেন, যা ক্রিকেটের পরিচিত ‘স্লেজিং’য়ের মাত্রা ছাড়িয়ে গেছে বেশ কবারই।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত-পাকিস্তানের। প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দল শ্রীলঙ্কার এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দল বাংলাদেশের মুখোমুখি হবে।