বিয়েতে লোকেশ রাহুল পেলেন ৬৩ কোটি টাকার ফ্ল্যাট, সাড়ে ৩ কোটি টাকার বিএমডব্লু

নবদম্পতি লোকেশ রাহুল ও আথিয়া শেঠিছবি : ইনস্টাগ্রাম

শেষ পর্যন্ত চার হাত এক হয়েছে। গত সোমবার বিয়ে করেছেন ভারতীয় দলের সহ–অধিনায়ক লোকেশ রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি।

মুম্বাইয়ের খান্ডালায় সুনীল শেঠির বাংলোতে বসেছিল জমকালো বিয়ের আসর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা। অতিথিদের তালিকায় ছিলেন সালমান খান, জ্যাকি শ্রফ, অক্ষর কুমার, অর্জুন কাপুররা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় রাহুলের বিয়েতে যেতে পারেননি সতীর্থ ক্রিকেটাররা। বিরাট কোহলি–রোহিত শর্মারা যেতে না পারলেও রাহুলকে উপহার ঠিকই পাঠিয়েছেন।

বিনোদন ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ‘পিঙ্কভিলা’ তো চোখ কপালে তুলে দেওয়ার মতো খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, রাহুলকে বিএমডব্লু গাড়ি উপহার দিয়েছেন কোহলি ও তাঁর স্ত্রী আনুশকা শর্মা, যার দাম ৩ কোটি ৪২ লাখ টাকা। দুজনই অভিনেত্রী হওয়ায় আনুশকার সঙ্গে বেশ খাতির নববধূ আথিয়ার। ভারতীয় দল বিদেশ সফরে গেলে একসঙ্গে ঘুরতে যান তাঁরা। বিয়ের পোশাক বেছে নিতেও আনুশকাকেই অনুসরণ করেছেন আথিয়া।

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল রাহুলের। তিনিও সাবেক সতীর্থকে দিয়েছেন দামি উপহার। ‘পিঙ্কভিলা’ জানিয়েছে, রাহুলকে ১ কোটি টাকা দামের কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুলের’ মোটরসাইকেল প্রীতির কথা কারও অজানা নয়। তাঁর গ্যারেজে কমপক্ষে ২৫টি বাইক আছে। সেখান থেকেই একটি দিয়েছেন রাহুলকে।

ভারতীয় দলের অনুশীলনে ধোনি, রাহুল ও কোহলি
ফাইল ছবি

আর সুনীল শেঠি? শোনা যাচ্ছে, মেয়ে–জামাইকে মুম্বাইয়ে ৬৩ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন ৬১ বছর বয়সী বলিউড অভিনেতা।

এখনই অবশ্য মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা নেই রাহুল–আথিয়া দম্পতির। এমনকি হচ্ছে না বিয়ে–পরবর্তী অনুষ্ঠানও। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার–গাভাস্কার ট্রফি খেলতে নামছে ভারত। এই সিরিজ দিয়ে খেলায় ফিরছেন রাহুল। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই শুরু হবে আইপিএল। এরপরই লম্বা ছুটি পাবেন রাহুল। মধুচন্দ্রিমাসহ বিভিন্ন অনুষ্ঠান তখনই করবেন ভারতের ব্যাটসম্যান।

আরও পড়ুন