তামিম সভাপতি হওয়ায় যে সুবিধার কথা বললেন মিরাজ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজশামসুল হক

এক বছর আগেও তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন মেহেদী হাসান মিরাজের সতীর্থ। দুজনে খেলেছিলেন মোহামেডানের হয়ে। এখন দুজনের ভূমিকা বদলেছে—এই সময়ের মধ্যেই মিরাজ হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম।

২০২৩ সালেও তামিম জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এখানেই বাড়তি একটা ভরসা পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। নিউজিল্যান্ড সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (তা জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম, বাড়িয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফিও। ক্রিকেটারদের সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে তামিমের।

তামিমের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। আমাদের প্রেরণা দিয়েছেন। (বলেছেন) আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
শামসুল হক

গত এক সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট অনেক ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে গেছে। তবে এ সময়ে জাতীয় দলের ব্যস্ততা ছিল প্রস্তুতিতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বল এবং আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে লাল বলে সিরিজের ক্রিকেটারদের অনুশীলন হয়েছে আলাদা করে।

আরও পড়ুন

এ সময়ে বাইরে কী হয়েছে, তা ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলেনি বলে দাবি মিরাজের, ‘খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরে কী হয়, এটা আমাদের ও রকম মাথায় প্রভাব ফেলে না। কারণ, আমাদের কাজ হলো পারফর্ম করা।’

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথাই বললেন মিরাজ, ‘আমার কাছে মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো। বাইরে কী হয়েছে, এটা আমরা কখনো চিন্তা করিনি।’

ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
শামসুল হক

ওয়ানডে সিরিজে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন ম্যাচের এ সিরিজে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

আরও পড়ুন