নারী এশিয়া কাপে এবার ম্যাচ পরিচালনার কাজটা করছেন নারীরাই। এবারই প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের সব ম্যাচ মেয়েরাই পরিচালনা করবেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এবারই প্রথম কোনো পুরুষ আম্পায়ার ও ম্যাচ রেফারি ছাড়াই মেয়েদের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই।
এবারের এশিয়া কাপে মোট ৯ জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তাঁদের মধ্যে ভারতের আম্পায়ার ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল আছেন।
পাকিস্তানের হুমায়রা ফারাহ ও সালিমা ইমতিয়াজ আছেন এ তালিকায়। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করছেন লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের নারী আম্পায়ার হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি ও কাতারের শিভানি মিশ্রা আছেন।
এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা।