‘ফিজ তোমাকে ভালোবাসি’, বললেন লাহোর কালান্দার্সের মালিক
নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলটি। মোস্তাফিজকে দলে নেওয়ার পর আজ এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাসের কথা জানান লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।
লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সামিন বলেন, বিশ্ব ক্রিকেটের জন্য মোস্তাফিজ অনেক বড় নাম। তাঁকে দলে পাওয়া কালান্দার্সের জন্য সম্মানের ব্যাপার। এ সময় মোস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি।
মোস্তাফিজের সঙ্গে লাহোর কালান্দার্সের চুক্তির মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। বাংলাদেশি এ পেসারের কাছে লাহোর কালান্দার্সের প্রত্যাশাও অনেক বেশি। সামিনের ভাষ্য, ‘পাকিস্তান সুপার লিগের জন্য এটা অনেক বড় একটা নাম। বিশ্ব ক্রিকেটের জন্যও। তাকে পাওয়া যেকোনো দলের জন্য সম্মানের ব্যাপার। তার সঙ্গে আমাদের অনেক পুরোনো সম্পর্ক।’
মোস্তাফিজের দলে যোগ দেওয়াকে ‘পরিবারে ফেরা’ বলেও মন্তব্য করেছে কালান্দার্স। মোস্তাফিজের সঙ্গে নিজেদের সম্পর্ককে সামিন তুলে ধরেন এভাবে, ‘দশ বছর আগে পাকিস্তান সুপার লিগ যখন শুরু হয়েছিল, তখন গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স প্রথমে মোস্তাফিজুর রহমানকেই নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এনওসির কিছু সমস্যার কারণে সে তখন আসতে পারেনি। যদিও দুই বছর পর সে ঠিকই এসেছিল। আমরা তখন তার পারফরম্যান্স উপভোগ করেছি। লাহোরের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে মোস্তাফিজের মতো খেলোয়াড় আমাদের হয়ে খেলবে।’
লাহোর কালান্দার্সে মোস্তাফিজ জুটি বাঁধবেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে। এই জুটি নিয়ে রোমাঞ্চিত সামিন বলেছেন, ‘আমি শাহিন এবং ফিজের জুটি দেখার জন্য উন্মুখ হয়ে আছি। মিডল এবং ডেথ ওভারে তার পারফরম্যান্স অসাধারণ।’
এ সময় বাংলাদেশি ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে পিএসএলের দলটির মালিক আরও যোগ করেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা অসাধারণ। তার চেয়ে বড় ব্যাপার, তারা মানুষ হিসেবে দারুণ। তাদের যতজনের সঙ্গে আমি কাজ করেছি, সেটা মেহেদী হাসান মিরাজ হোক কিংবা সাকিব আল হাসান অথবা রিশাদ হোসেন; দারুণ আনন্দের ছিল। তাদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ। আর তারা প্রাণ উজাড় করে খেলে। বাংলাদেশ থেকে যেসব খেলোয়াড় আসে তারা দলকে নিজেদের ব্র্যান্ড ভেবে নিয়েই খেলে।’
সবশেষে মোস্তাফিজের প্রতি নিজের ভালোবাসার কথা সামিন জানান এভাবে, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি। আমি রিশাদের জন্য বলেছি, তোমার জন্যও একই কথা বলছি। তোমার অপেক্ষায় আছি।’