১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

সুযোগ পেলেন সূর্যবংশীবিসিসিআই

গুঞ্জনই সত্যি হলো। ২০২৩ সালে সর্বশেষ ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলা শ্রেয়াস আইয়ার এখন ভারতের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক।

গত ফেব্রুয়ারি–মার্চে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার শুধু অধিনায়কত্বই হারাননি, বাদ পড়েছেন দল থেকেও। আজ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারত।

চমকের এখানেই শেষ নয়। প্রথমবার ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। আইপিএলে ২০০–এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করার ফল পেলেন হাতেনাতে।

২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ।

আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে অভিষেক হলেই ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন সূর্যবংশী। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল যথাক্রমে ১৬ বছর ২০৫ দিন ও ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

দলে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদবও। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদীপ যাদব। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরাকে এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে।

বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার বাদ পড়লেন
এএফপি

গত মার্চে ৩৫ বছর বয়সী সূর্যকুমারের নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেই প্রথম টি-টুয়েন্টি খেলবে ভারত। বিশ্বকাপ জেতানো অধিনায়ক দল থেকে বাদ কেন, এ প্রশ্ন অবশ্য উঠতেই পারে।

২০২৮ সালে পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় সূর্যকুমারের বয়স হবে ৩৮ বছর। সাম্প্রতিক ফর্মটাও তাঁর ভালো নয়। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে ২৪২ রান এবং ২০২৬ আইপিএলে ১৩ ইনিংসে ২০.৭৬ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে মাত্র ২৭০ রান করেছেন সূর্য।

আরও পড়ুন

ভারতের নতুন অধিনায়ক আইয়ার অনেক দিন ধরেই টি-টুয়েন্টি দলে জায়গা পাচ্ছিলেন না। তবে অধিনায়ক হিসেবে তাঁর দারুণ রেকর্ড রয়েছে।

ভারতের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার
পাঞ্জাব কিংসের ফেসবুক

আইয়ারের নেতৃত্বে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতে এবং ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ফাইনালে ওঠে। ব্যাট হাতেও তিনি ফর্মে আছেন; আইপিএল ২০২৫–এ ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান এবং আইপিএল ২০২৬–এ ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেছেন ৪৯৮ রান।