বিগ ব্যাশে দলের খেলা ছেড়ে বেলিস আর টেস্টের ধারাভাষ্য রেখে পন্টিং আইপিএলের নিলামে
আজ বাংলাদেশ সময় বেলা সোয়া দুইটায় বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নেমেছে সিডনি থান্ডার। কিন্তু এ ম্যাচে থান্ডারের সঙ্গে নেই প্রধান কোচ ট্রেভর বেলিস। কারণ, আজই বেলা দেড়টায় শুরু হওয়া আইপিএলের নিলামে উপস্থিত বেলিস, যিনি একই সঙ্গে পাঞ্জাব কিংসেরও প্রধান কোচ। এ নিয়ে আলোচনাও হচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে।
আজ দুবাইয়ে ২০২৪ আইপিএল সামনে রেখে অনুষ্ঠিত হবে ‘মিনি অকশন’ বা ‘খুদে নিলাম’। দলগুলোর কৌশল নির্ধারণে সাধারণত উপস্থিত থাকেন কোচরাও। তবে একটি দলের খেলা ফেলে আরেকটি লিগের নিলামে কোনো কোচের যোগ দেওয়ার ব্যাপারটি একটু ভিন্ন চোখেই দেখছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। নিউজডটকমডটএইউ যেমন লিখেছে, ‘ব্যক্তিগতভাবে নিলামে যোগ দেওয়ার ক্ষেত্রে বেলিসের সিদ্ধান্ত ঝড় তুলেছে, যেহেতু সাবেক ইংল্যান্ড কোচ বিবিএলের ম্যাচ বাদ দিচ্ছেন।’
অবশ্য আইপিএলের জন্য কোনো কোচের অন্য লিগের ম্যাচ দেওয়ার ঘটনা এই প্রথম নয়; সর্বশেষ গত বছর আইপিএলের মেগা নিলামের জন্য পাকিস্তান সুপার লিগ ছেড়ে প্রায় ১০ দিন ছিলেন তখনকার মুলতান সুলতানসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। সে সময়ে প্রধান কোচকে ছাড়াই দুটি ম্যাচ খেলেছিল পিএসএলের দলটি। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর তুলনায় আইপিএল কতটা এগিয়ে, এর মাধ্যমেও ফুটে ওঠে সেটি।
এবার বেলিস অবশ্য একটি ম্যাচই মিস করবেন, এক বিবৃতিতে এমন জানিয়েছে থান্ডার। ২৩ ডিসেম্বর নিজেদের পরের ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে খেলবে থান্ডার। তাঁর অনুপস্থিতিতে আজকের ম্যাচে থান্ডারের দায়িত্বে থাকবেন সহকারী কোচ শন ব্র্যাডস্ট্রিট।
২০২১-২২ মৌসুমে থান্ডারের প্রধান কোচের দায়িত্ব নেন বেলিস। তাঁর অধীন সর্বশেষ দুই মৌসুমেই প্লে–অফে গেছে দলটি। এবার যদিও নিজেদের প্রথম ম্যাচে ব্রিসবেন হিটের কাছে হেরেছে তারা। অন্যদিকে ২০২২ সালে পাঞ্জাবের প্রধান কোচ হন ইংল্যান্ডকে ২০১৯ সালের বিশ্বকাপ জেতানো এ কোচ। তবে ৯ মৌসুম পাঞ্জাবের ধরে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ধারা ভাঙতে পারেননি তিনিও।
এদিকে বেলিস ছাড়াও অস্ট্রেলিয়া থেকে আইপিএলের নিলামে যোগ দিতে গেছেন রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, ড্যানিয়েল ভেট্টোরিরা। অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে থাকা ভেট্টোরি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ, পার্থ টেস্টের পর দুবাই পৌঁছে গেছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ পন্টিং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম টেস্টে ধারাভাষ্যে ছিলেন, কিন্তু সে ম্যাচ শেষ না করেই রওনা হয়ে যান। পন্টিংকে নিয়েও সমালোচনা হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নতুন কোচ ল্যাঙ্গার অবশ্য পার্থ টেস্টের ধারাভাষ্য শেষ করেই এসেছেন।
টেস্টের মাঝপথেই পন্টিংয়ের চলে আসা নিয়ে কোড স্পোর্ট লিখেছে, ‘আইপিএলের আধিপত্য ফুটে উঠল আরেকবার।’ অবশ্য পন্টিং যে আসবেন, সেটি নির্ধারিত ছিল আগে থেকেই।
এ বছর আইপিএলের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩৩৩ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি। ১০ দল আজ দলে নেবে ৭৭ জন খেলোয়াড়, যাঁদের মধ্যে ৩০ জন বিদেশি।