নির্বাচনে দাঁড়াবেন মন্টি পানেসার

ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসারইনস্টাগ্রাম

আইনসভার সদস্য হতে জর্জ গ্যালোওয়ে ওয়ার্কার্স পার্টির হয়ে ইংল্যান্ডের আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবেন সাবেক বাঁহাতি স্পিনার মন্টি পানেসার। লুটনে ভারতীয় বংশোদ্ভূত মা–বাবার ঘরে জন্ম পানেসারের। ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্টে ১৬৭ উইকেট নিয়েছেন তিনি। ২৬ ওয়ানডে তাঁর শিকার ২৪ উইকেট এবং ১টি টি–টোয়েন্টি খেলে নিয়েছেন ২ উইকেট। ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।

আরও পড়ুন

গ্রেটার লন্ডনের ইলিং সাউথহল অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়াবেন পানেসার। ২০০৭ সাল থেকে ভিভেন্দ্র শর্মার অধীনে অঞ্চলটি লেবার পার্টির শক্ত ঘাঁটি। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ইলিং সাউথহল অঞ্চলের প্রায় এক–তৃতীয়াংশ অধিবাসীই এশিয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে লেখা কলামে পানেসার বলেছেন, ‘আমি এই দেশে শ্রমিকদের কণ্ঠস্বর হতে চাই। রাজনীতিবিদ হিসেবে একদিন প্রধানমন্ত্রী হওয়াই আমার লক্ষ্য। ব্রিটেনকে আমি আরও নিরাপদ ও শক্তিশালী দেশ বানাতে চাই। কিন্তু আমার প্রথম দায়িত্ব হলো ইলিং সাউথহলের মানুষের প্রতিনিধিত্ব করা।’

লেবার পার্টির এমপি স্যার টনি লয়েডের মৃত্যুর পর রসডেল অঞ্চলে নির্বাচনে জিতে গত মার্চে ইংল্যান্ডের আইনসভার নিম্নকক্ষে (হাউস অব কমন্স) ফেরেন গ্যালোওয়ে। ইংল্যান্ডের আইনসভার বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গ্যালোওয়ে নিশ্চিত করেছেন, পানেসার তাঁর দল থেকে নির্বাচনে দাঁড়াবেন। ব্রিটিশ রেডিও স্টেশন এলবিসিকে গ্যালোওয়ে বলেছেন, ‘আজ বিকালে পার্লামেন্টের (আইনসভা) বাইরে আমি এমন ২০০ জনকে হাজির করব, যাঁদের মধ্যে মন্টি পানেসারও আছেন—দুর্দান্ত ভারতীয় ক্রিকেটার, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার, সাউথহল থেকে তিনি আমাদের প্রার্থী হবেন।’

আরও পড়ুন

পানেসারের পুরো নাম মুধসুদন সিং পানেসার। শিখ ধর্মের চর্চা করা প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। খেলা ছাড়ার পর সেন্ট মেরি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সাংবাদিকতায় কোর্স করেছেন পানেসার।

চলতি মাসের শুরুতে বর্ণবাদবিরোধী ক্যাম্পেইনে ভিডিও বার্তায় অভিবাসনের উপকারিতা নিয়েও কথা বলেন তিনি। ২০২১ সালে ইয়র্কশায়ারের ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের বিরুদ্ধে। পানেসার তখন ভনের পক্ষ নিয়েছিলেন।

আরও পড়ুন