বিপিএল বেটিংয়ে নিষিদ্ধ হওয়া কে এই অমিত মজুমদার

অমিত মজুমদারফেসবুক/অমিত মজুমদার

আজও মাঠে নেমেছিলেন অমিত মজুমদার। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। ওপেনিংয়ে নামা অমিত ২৪ বলে আউট হয়েছেন ১০ রানে, হেরেছে তাঁর দলও। যে কারণে বিকেএসপিতে ম্যাচটা খেলে হয়তো মন খারাপ নিয়েই বাড়ি ফিরেছেন এই ব্যাটসম্যান।

সন্ধ্যা ছয়টার পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর সেই হতাশা আরও বেড়েছে বলেই ধরে নেওয়া যায়। বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে চার ব্যক্তিকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এর মধ্যে একজনই ক্রিকেটার, সেই ক্রিকেটারটিই অমিত মজুমদার।

অমিতের বিরুদ্ধে ‘ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য যেকোনো বিষয়ের ওপর বাজি ধরা, বাজি গ্রহণ করা, লে-বেটিং করা অথবা অন্য কোনোভাবে বাজিতে লিপ্ত হওয়া’ ধারায় অভিযোগ আনা হয়েছে। ১৪ দিনের মধ্যে দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়া অথবা অস্বীকার করে ট্রাইব্যুনালে শুনানির অনুরোধ করতে পারবেন তিনি।

লক্ষণীয় বিষয় হচ্ছে, অমিত যে বিপিএলের জন্য নিষিদ্ধ হয়েছেন, সেই টুর্নামেন্টে কখনো খেলেনইনি। ৬ টি–টুয়েন্টির ক্যারিয়ারে ৫ ইনিংসে ব্যাট করে সব মিলিয়ে রানই মাত্র ৪৩। অবশ্য ঘরোয়া প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি নিয়মিত।

২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন অমিত। বয়সভিত্তিক ক্রিকেটে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন। তবে বয়সভিত্তিক ক্রিকেটের সম্ভাবনাকে বড় পর্যায়ে রূপ দিতে পারেননি অমিত। যদিও ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেছেন অনেকটা নিভৃতেই।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন অমিত মজুমদার
বিসিবি

প্রথম শ্রেণির ক্রিকেটে অমিত খেলেন খুলনা বিভাগীয় দলের হয়ে। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৫৮ ম্যাচে ২৫.৫৫ গড়ে তাঁর রান ২৪২৮। দুটি সেঞ্চুরির সঙ্গে তাঁর আছে ১২টি ফিফটি। ২০০৯ থেকে খেলা লিস্ট ‘এ’ ক্রিকেটে আজকের রূপগঞ্জ–গাজী গ্রুপ ম্যাচ পর্যন্ত খেলেছেন ৯৯ ম্যাচ। ২৮.০৯ গড়ে একটি সেঞ্চুরি ও ১৬ ফিফটিসহ করেছেন ২৫৮৫ রান।

সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ায় আপাতত আর খেলতে পারবেন না অমিত। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে বিপিএলের পাশাপাশি আইপিএলেও বেটিংয়ের প্রমাণ পেয়েছেন। এখন দেখার বিষয়, অমিতের সাময়িক নিষেধাজ্ঞা ‘সাময়িক’ই থাকে নাকি লম্বা সময়ের হয়ে পড়ে!

প্রথম আলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও অমিত সাড়া দেননি।

আরও পড়ুন