‘মনে হচ্ছে জীবন সার্থক’

ক্রেস্ট নিচ্ছেন নিগার সুলতানার বাবাপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজুল হকের চোখে তখন গর্বের ছায়া। একটু আগেই তিনি মঞ্চ থেকে নেমে এসেছেন ক্রেস্ট হাতে। সেটি তাঁর নিজের নয়, সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হওয়া মেয়ে নিগার সুলতানার। মেয়ের হয়ে এই পুরস্কার হাতে নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে সিরাজুল বললেন, ‘মনে হচ্ছে জীবনটা সার্থক।’

গত বছর নেপালে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। বাছাইপর্বে নিগার অধিনায়ক ছিলেন, ব্যাট হাতেও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৪১ রান। এই পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে সেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি।

পুরস্কার নিতে নিগার কাল উপস্থিত থাকতে পারেননি সোনারগাঁও হোটেলে। আইসিসি ইমার্জিং নেশনস কাপে খেলতে তিনি এখন আছেন ওমানে। নিগারের হয়ে পুরস্কার নিতে শেরপুর থেকে ঢাকায় এসেছেন তাঁর বাবা সিরাজুল হক।

নিগার সুলতানা
প্রথম আলো

মেয়ের পুরস্কার হাতে নিয়ে পুরোনো দিনে ফিরে যান নিগারের বাবা। পাঁচ বছরের ছোট্ট নিগার কীভাবে ভাইদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করেন, বাইকের পেছনে বসিয়ে কীভাবে তাঁকে খেলতে নিয়ে যেতেন ছোটবেলায়, কে কোন কটুকথাটা বলতেন—সবই এখনো মনে আছে তাঁর। সেসব দিন পেছনে ফেলে মেয়ে অনেক দিন ধরেই দেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। প্রায় চার বছর ওয়ানডে ও টি–টুয়েন্টি দুই সংস্করণে নারী দলের নেতৃত্বও ছিল তাঁর কাঁধে।

এ রকম স্বীকৃতি আগেও পেয়েছেন নিগার। তবে এবার মেয়ের পুরস্কার নিজে নিতে পেরে একটু ভিন্ন অনুভূতিই হচ্ছে সিরাজুলের, ‘সত্যি কথা বলতে কি, একজন বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু কষ্ট করে, এরপর যদি সে পুরস্কার পায়, তার বাবার অনুভূতিটা তখন ভাষায় প্রকাশ করা যায় না।’

কথাগুলো বলার সময় ছলছল করছিল সিরাজুলের চোখ। বাবাকে গর্বিত করার আনন্দে দূর থেকে নিশ্চয়ই নিগারও খুশি।

আরও পড়ুন