তৃতীয় ওয়ানডের দলে মেহেদী, মিরাজের খেলা নিয়ে সিদ্ধান্ত ম্যাচের দিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে ডাকা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসানকে। আজ সিরিজের তৃতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, সেখানে শুধু মেহেদীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম দুই ওয়ানডে জিতে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছেন মেহেদী। এই সংস্করণে তাঁর সর্বশেষ ম্যাচও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন মেহেদী। ডানহাতি এই স্পিনার দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজের চোটের কারণে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি অবশ্য জানিয়েছে, মিরাজ বর্তমানে সুস্থ আছেন। তবে সিরিজের শেষ ম্যাচে তাঁর খেলার বিষয়টি নিশ্চিত করতে ম্যাচের দিন আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
মিরাজ চোট পান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। নাথান এলিসের বাউন্সারে চোট পাওয়ার পরও তিনি অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন। তবে ম্যাচের পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ১২ ঘণ্টা পর্যবেক্ষণ আর দুই দফা স্ক্যানের পর গতকাল তিনি হাসপাতাল ছাড়েন। মিরাজ এখন দলের সঙ্গেই আছেন।
আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন (সহ–অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও মেহেদী হাসান।