পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট, অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্বে তালহা জুবায়ের
বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। এক বছর আগে এই দায়িত্ব নিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই তাঁর ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে বোলিং কোচ হওয়ার গুঞ্জন ছিল। এবার বিসিবিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, টেইট আর বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না।
তাঁর জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তালহা জুবায়ের। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে পরিবারকে সময় দিতে চান জানিয়ে বিসিবিকে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন টেইট।
দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এবং পুরো আলোচনা প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’
২০২৫ সালের মে মাসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসের জায়গায় জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। জাতীয় দলের পেস বোলিংয়ে সাম্প্রতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অস্ট্রেলিয়ান।