পন্তকে ‘মডেলিং করে’ ‘কোটি টাকা’ কামানোর উপায় বললেন শোয়েব

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শোয়েব আখতার।ফাইল ছবি

ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার প্রমাণ রেখেছে ভারত। টি–টোয়েন্টি সিরিজের পর তারা জিতেছে ওয়ানডে সিরিজও। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঋষভ পন্ত আর হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিংয়ে দারুণ এক জয় দিয়েই সিরিজ জিতেছে তারা। এ ম্যাচে ইংলিশদের ২৬০ রানের জবাবে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। অথচ সেই ম্যাচটিই কিনা ভারত জিতল ৪২.১ ওভারের মধ্যে!

এ ম্যাচে পন্ত তাঁর সামর্থ্যের প্রমাণ রেখেছেন। তিনি ভারতের কত বড় সম্পদ, সেটিও চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরে যাওয়ার পর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েন তিনি। নিজে ১২৫ রানে অপরাজিত ছিলেন। পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৭১ রান।

পন্তকে ওজন কমাতে বলছেন শোয়েব আখতার
ছবি: এএফপি

এমন পারফরম্যান্সের পর সবার প্রশংসায় ভাসছেন পন্ত। এমনকি তাঁর সমালোচকেরাও শামিল পন্তের প্রশংসায়। পাকিস্তান থেকে পন্তের জন্য বার্তা পাঠিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার পন্তের প্রশংসা করে তাঁর ওজনটা একটু কমানোর পরামর্শ দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে অনেক বিষয় নিয়েই কথা বলেন শোয়েব। পন্তের এমন পারফরম্যান্সের পর তিনি ভারতের এই তরুণ উইকেটকিপার–ব্যাটসম্যানের বিভিন্ন দিক নিয়ে বলেছেন। তবে তাঁকে কিছুটা চিন্তায় ফেলছে পন্তের ওজন। এটি কমিয়ে ফেলতে পারলে পন্ত দুর্দান্ত মডেলও হতে পারেন—এটাও বলেছেন শোয়েব, ‘পন্তের ওজন কিছুটা বেশি। আমি আশা করি, সে এটা বুঝতে পারে এবং ওজন কমানোর দিকে অচিরেই হাঁটা শুরু করবে। অচিরেই তাকে অনেক পণ্যের বিজ্ঞাপন করতে হবে। ভারত একটা বড় বাজার। পন্ত দেখতে সুদর্শন, সে দারুণ মডেলও হতে পারে। কামাতে পারে কোটি কোটি টাকাও। ভারতে এ জিনিসটা দেখা যায়, যখনই কোনো ক্রিকেটার সফলতা পায়, তখনই সেই ক্রিকেটারকে নিয়ে টানাটানি পড়ে যায় বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের মডেল বানাতে।’

পন্তের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শোয়েব, ‘পন্ত অসাধারণ প্রতিভাবান। সে প্রতিপক্ষকে বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে হিসাব করে খেলেছে সে, ইনিংসের গতি বাড়িয়েছে, কমিয়েছে। একটা পর্যায়ে সে মারমুখী হয়ে উঠেছে। যখনই চায়, সে রানের চাকা ঘোরাতে পারে। আমি তো মনে করি, ঋষভ পন্ত ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টার হতে যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে, পন্তকে কেবল পন্তই আটকাতে পারে, আর কেউই নয়।’