বিনা টিকিটে ঢুকেছেন দর্শক, টিকিট কেটেও ‌‌‘‌প্রবেশ নিষেধ’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক প্রবেশে অনিয়ম ঘটেছে বলে অভিযোগছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারসহ বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন এক নারী দর্শক। আগে থেকেই টিকিট কেটে খেলা দেখার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তাঁরা। কিন্তু সঙ্গে টিকিট থাকার পরও তাঁরা মাঠে ঢুকতে পারেননি।

অথচ তাঁদের সামনেই অনেকে টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢুকেছেন। এই দর্শকদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন গেটে থাকা বিসিবির কার্ডধারী লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই। এসব বিনা টিকিটের দর্শক মূলত তাঁদেরই পরিচিতজন। স্টেডিয়ামের সব গেটের সামনেই আজ এ দৃশ্য দেখা গেছে।

ম্যাচের প্রথম ইনিংসের পরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গেটে কোনো শৃঙ্খলা না থাকায় গ্যালারির ধারণক্ষমতার চেয়েও বেশি দর্শক গ্যালারিতে ঢুকে পড়েন। গ্যালারির সিঁড়ি থেকে শুরু করে বারান্দায় পর্যন্ত পা ফেলার জায়গা ছিল না। মূলত বিনা টিকিটে দর্শক ঢুকে গ্যালারি ভরে ফেলাতেই পরে টিকিট নিয়ে স্টেডিয়ামে এসেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি।

টিকিট নিয়েও অনেকে ভেতরে ঢুকতে পারেননি
ছবি: সংগৃহীত

এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‌স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে অনেক দর্শক জোর করে ঢুকতে চেষ্টা করায় পরে সব গেট বন্ধ করে দেওয়া হয়।’

বিনা টিকিটে দর্শক ঢোকানোর অভিযোগটি অবশ্য স্বীকার করেছেন তিনিও, ‌‌‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এটা এখন নিয়মিত হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁরা যদি এতে বাধা না দেন, আমাদের তো কিছু করার নেই।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। তবে এর অর্ধেকেরও বেশি টিকিট বিসিবি বিতরণ করে সৌজন্য টিকিট হিসেবে। বাকি টিকিট বরাদ্দ থাকে সাধারণ দর্শকদের জন্য। দুর্ভাগ্য তাঁদের, অনেক ভোগান্তির পর সেসব টিকিট কিনেও অনেকেই আজ পারেননি খেলা দেখতে।

দ্বিতীয় ওয়ানডের ৭ হাজার টিকিট বিক্রি হয়ে যায় গতকাল বেলা দুইটার দিকেই। আজ ম্যাচের দিন আরও ৫ হাজার টিকিট কাউন্টারে বিক্রির কথা ছিল। কিন্তু কাউন্টারে আজ কোনো টিকিটই বিক্রি হয়নি।