জাতীয় দলের ১৩ জনকে নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড

বেভন জ্যাকবস ও টিম রবিনসন আছেন নিউজিল্যান্ড ‘এ’ দলেজিম্বাবুয়ে ক্রিকেট

অস্ট্রেলিয়ার ডারউইনে ২০২২ সাল থেকে প্রতিবছরই হচ্ছে টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্ট। এবার সেই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে নিউজিল্যান্ড ‘এ’ দল। টুর্নামেন্টটা নিউজিল্যান্ড খেলতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৩ জনকে নিয়ে! টপ এন্ড টি-টুয়েন্টি শেষে সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া রাজ্য দল ও নেপাল জাতীয় দলের সঙ্গে ৫০ ওভারের ম্যাচও খেলবে কিউইরা।

২০২২ সালে শুরু হওয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজটি মূলত হাই পারফরম্যান্স দল ও টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলোর তরুণ ক্রিকেটারদের বিকাশের একটি বড় মঞ্চ। ২১ থেকে ৩০ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে এবারের টুর্নামেন্ট। এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলসহ মোট ৯টি দল। অন্য আটটি দল নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসমেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

সেমিফাইনাল ও ফাইনালের আগে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ খেলবে বাংলাদেশ এইচপির বিপক্ষে।

নিউজিল্যান্ড ‘এ’ দলে থাকা ১৩ জন আন্তর্জাতিক খেলোয়াড়ের মধ্যে আছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, বেভন জ্যাকবস ও রিস মারিউ।

ডিন ফক্সক্রফট (বাঁয়ে) আছেন নিউজিল্যান্ড ‘এ’ দলে
বিসিবি

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজ–সেরা হয়েছিলেন বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। স্পিন বিভাগে তাঁর সঙ্গী লেগ স্পিনার আদিত্য অশোক ও অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। অন্যদিকে পেস আক্রমণে রয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, বেন লিস্টার ও জাক গিবসন। তাঁদের সাহায্য করবেন দুই পেস বোলিং অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস ও জশ ক্লার্কসন।

আরও পড়ুন

কেন টপ এন্ড টি-টুয়েন্টিতে এমন অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড, সেটির ব্যাখ্যায় নিউজিল্যান্ড হাই পারফরম্যান্স ডেভলপমেন্ট প্রধান পিট সানফোর্ড বলেন, ‘নিউজিল্যান্ড শীতকালীন সময়ে অস্ট্রেলিয়ার ঘাসের উইকেটে খেলার মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে শুরু হতে যাওয়া ঘরের মাঠের আন্তর্জাতিক মৌসুমের জন্য চমৎকার প্রস্তুতি নিতে পারবে। এমন একটি শক্তিশালী দল ঘোষণা করতে পারা আনন্দের এবং এটি আমাদের দলের গভীরতাকেই প্রমাণ করে।’

টুর্নামেন্টের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা করা হবে মালয়েশিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষে। এই সিরিজে বাংলাদেশ এইচপি দলে থাকা বেশির ভাগেরই থাকার কথা টপ এন্ডের দলে।

আরও পড়ুন