এবার টেনেটুনে ২৫৬ রান বাংলাদেশের

৭৬ রান করে আউট হন এনামুলছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারারে স্পোর্টস ক্লাবের উইকেট ব্যাটিংবান্ধব। কতটা ব্যাটিংবান্ধব তা দেখা গেছে আগের দুই ম্যাচেই। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ৩০৩ রান তুলেও কূল পায়নি। সেই চাপেই সম্ভবত পরের ম্যাচে রান উঠল আরও কম—২৯০।

জিম্বাবুয়েও রান তাড়ার ছন্দ মিলিয়ে দুটি ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে, পরের ম্যাচে ১৫ বল হাতে সেই ৫ উইকেটেরই জয়। সিরিজ যে জিম্বাবুয়ের, সে তো ফয়সালা হয়েছে আগেই, আজ তৃতীয় ও শেষ ম্যাচ থেকে কি পাওয়ার থাকতে পারে বাংলাদেশের?

অবশ্যই জয়—কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে সেই খিদে কতটা টের পাওয়া গেল? বরং চাপ কাটিয়ে বেরিয়ে আসতে যেসব দক্ষতা ও মানসিক শক্তি লাগে, সেসব জায়গায় ঘাটতি ক্রমশ বড় হচ্ছে। ৩০৩ থেকে ২৯০ এবং আজ তৃতীয় ম্যাচে ৯ উইকেটে ২৫৬। আগের দুই ম্যাচে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের ব্যাটিং দেখা থাকলে এই ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষেই ভয়টা লাগার কথা। ধবলধোলাই!

শেষ দিকে দ্রুতগতিতে রান তুলেছেন আফিফ
ছবি: আইসিসি

অথচ, আজ কি এতটা চাপে থাকার কথা ছিল? সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই। আজ অন্তত নিজেদের সামর্থ্যের সীমানাটা যাচাই করে দেখা যেত। স্কোরবোর্ডে যে রান উঠেছে এবং দলের অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে খেললেন, সেটাই যদি সামর্থ্য হয় তাহলে দুশ্চিন্তার জায়গা আছে বৈকি। খুলে বলা যাক।

সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ এবং আগের দুই ম্যাচের মতো ওপেনিং জুটিতে শুরুটাও মন্দ ছিল না। যদিও এখানেও সেই চাপের ছন্দ মিলিয়ে কম রান ওঠার নজির এড়ানো যায়নি।

প্রথম ম্যাচে ওপেনিং জুটিতে উঠেছে ২৫.৪ ওভারে ১১৯, পরের ম্যাচে ১১ ওভারে ৭১ এবং আজ ৮.৩ ওভারে ৪১। এই রান নিয়েও হয়তো কারও আপত্তি থাকত না যদি তামিম ইকবাল ও এনামুল হকের ওপেনিং জুটিটা অমন দৃষ্টিকটুভাবে ভেঙে না যেত। বলা ভালো, জিম্বাবুয়ের ফিল্ডারদের সঙ্গে বাংলাদেশের দুই ব্যাটসম্যানের অবদানও আছে!

রান আউট হন তামিম
ছবি: টুইটার

রিচার্ড এনগারাভাকে অফ সাইডে ঠেলে রান নিতে ক্রিজ থেকে বেশ খানিকটা বেরিয়ে এসেছিলেন এনামুল। অন্য প্রান্ত থেকে তামিম পড়িমরি করে ছুটতে দেরি করেননি। কিন্তু এনামুল ততক্ষণে বিপদ বুঝতে পেরে আর নড়েননি। তামিমের আর নিরাপদে ফেরার সুযোগ ছিল না। তাঁর ৩০ বলে ১৯ রানের ইনিংসটি নিয়ে আক্ষেপ হতেই পারে, তবে ৬৩.৩৩ স্ট্রাইকরেট দেখে আক্ষেপের কারণটাও পাল্টে নিতে পারেন কেউ কেউ। অন্য প্রান্তে অভিজ্ঞতায় তাঁর চেয়ে বিস্তর এনামুল ২১ বলে ১৯ রানে অপরাজিত। তামিমের ২৩১ ওয়ানডের অভিজ্ঞতার সঙ্গে তো আর এনামুলের ৪১ ওয়ানডের তুলনা চলে না। এই খামতিটুকুই সম্ভবত এনামুলের ওই অসম্ভব রানকে সম্ভব করার ইঙ্গিত দিয়ে তামিমের বিপদ ডেকে আনার কারণ। তবু যে খটকাটা থেকেই যায়, এনামুল থেমে যাওয়ার পরও তামিম দৌড় থামাননি। এটাই বুঝি অভিজ্ঞতার দাম!

সত্যি বলতে, বাংলাদেশ আজ অভিজ্ঞতার দাম সেভাবে পায়নি। বরং তারুণ্যের ঝলকে সংগ্রহটা সাদামাটা থেকে মোটামুটি লড়াই করার মতো পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। আফিফ হোসেন। ছয়ে নামা এই তরুণের ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসটাই বাংলাদেশের অভিজ্ঞদের বিপরীতমুখী ব্যাটিং—অন্য দলগুলো এখন ওয়ানডে যেভাবে খেলে আরকি!

তবে আফিফের এই ইনিংস দেখেও কেউ কেউ একটু আক্ষেপ করতে পারেন। ফর্মে থাকা এই ব্যাটসম্যান অন্তত এক ধাপ ওপরে নামলে শতকটা পেয়ে যেতেন। কিন্তু সেখানে, অর্থাৎ পাঁচ নম্বর পজিশনে বাংলাদেশ বরাবরের মতোই অভিজ্ঞতার ওপর বাজি ধরেছে আর ফলটাও পাল্টায়নি—মাহমুদউল্লাহ ৬৯ বলে ৩৯, স্ট্রাইকরেট ৫৬.৫২।

ভালো বল করার ফল পেয়েছে জিম্বাবুয়ে
ছবি: টুইটার

মাহমুদউল্লাহ পর্যন্ত আসার আগে আরেকটি পরিচিত দৃশ্যপট মনে করিয়ে দেওয়া যায়। বাংলাদেশ চাপে থাকলে চাপটা কীভাবে আরও বাড়িয়ে নেয় সেই নজির—তামিমের ওই রান আউট থেকে ৮ বলের ব্যবধানে আরও দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। না, জিম্বাবুয়ের বোলাররা আহামরি কোনো বল করেননি। নাজমুল হক শান্ত ও মুশফিকর রহিমের মতো অভিজ্ঞরাই নিজেদের সংবরণ করতে পারেননি।

নবম ওভারের প্রথম বলে ওয়েসলি মাধেভেরের উঠে আসা বল নাজমুল কেন আস্তে কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দিলেন সেটি বড় প্রশ্ন। ব্যাটিংয়ে একটা কথা প্রচলিতই আছে—‘হোয়েন ইউ কাট, কাট ইট হার্ড’। অর্থাৎ জোরে খেললে অন্তত ফিল্ডারদের মাথার ওপর দিয়ে বলটা বেরিয়ে যেত। মাত্র পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাপুষ্ট নাজমুল সম্ভবত সে কথা ভুলে গিয়েছিলেন!

তবে মুশফিকের ভুলে যাওয়ার কাছে নাজমুল নস্যি। দুই বল পরই ব্র্যাডলি ইভান্সের বাইরের উঠে আসা মন্থরগতির বলকে আপার কাট করার সাধ জাগে মুশফিকের। উচ্চতা কম? তাতে কী! চেষ্টা ও নিজের ইচ্ছেই যেন বড় কথা—মুশফিক আপার কাট করে ‘আত্মহত্যা’র রশি নিজেই গলায় পড়ে নিলেও ফাঁসির সেই কল্পিত দড়িতে টান দিতে কষ্ট হয়েছে এনগারাভার। থার্ড ম্যান থেকে বেশ খানিকটা দৌড়ে এসে ক্যাচটা নিতে হয় তাঁকে।

আট বলের ব্যবধানে ছোট্ট এই মড়কে ৯ ওভার শেষে ১ উইকেটে ৪৭ রানের স্কোরবোর্ড পাল্টে হয়ে যায় ১০ ওভার শেষে ৩ উইকেটে ৪৭। আর নাজমুল-মুশফিক কেউ-ই রানের খাতা খুলতে পারেননি। নাজমুল ‘গোল্ডেন ডাক’, মুশফিক ৩ বলে ০। পরিস্থিতি যখন এমন তখন উইকেটে মাহমুদউল্লাহ। এনামুল তখন ২৬ বলে ২৪ রানে অপরাজিত। ঠিক ১৪.৪ ওভার পর আউট হন এনামুল। চতুর্থ উইকেটে দুজন রান তুলেছেন ৯০ বলে ৭৭।

এর মধ্যে মাহমুদউল্লাহর অবদান ৪৩ বলে ১৯, এনামুলের ৪৭ বলে ৫২। বোঝাই যাচ্ছে, মাহমুদউল্লাহ এক প্রান্তে ঠুক ঠুক ব্যাটিং করায় অন্য প্রান্তে রান তোলার চাপে পড়েছেন এনামুল। তবে আউট হওয়ার দায়টা তাঁর পায়ের—আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পার করে দেওয়ার পরও পা নড়াচড়া করাতে না পারার মাশুল। ৪ ছক্কা ও ৬ চারে ৭১ বলে তাঁর ৭৬ রানের ইনিংসটি তাই শতকে রূপ পায়নি।

মাহমুদউল্লাহর ওয়ানডে অভিজ্ঞতা ২১২ ম্যাচের। এনামুলের ওপর চাপটা তাঁর এমনিতেই বোঝার কথা। কিন্তু তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছে, নিজেরটা বোঝাই পরমধর্ম।

মাহমুদউল্লাহ ৩৪.১ ওভারে যখন আউট হলেন আফিফ ৩১ বলে ২৯ রানে অপরাজিত। মাহমুদউল্লাহ যখন উইকেটে এলেন রানরেট ছিল ৪.৭০, যখন আউট হলেন রানরেট ৫.০৮। বলা বাহুল্য, তাতে এনামুল ও আফিফের অবদানই সিংহভাগ।

শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৬৭ রান, সেটিও হতো না যদি শেষ দিকে আফিফ টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং না করতেন।