৪৮ বছর পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার ৫ টেস্টের সিরিজ

২০২৪–২৫ মৌসুমের পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত–অস্ট্রেলিয়াএএফপি

১৯৫৯, ১৯৬৯, ১৯৭৯—ধারাটা অব্যাহত থাকলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটা হওয়ার কথা ছিল ১৯৮৯ সালে। কিন্তু ১০ বছর পরে নয়, ভারতে আবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ৪৮ বছর পর, ২০২৭ সালে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এবার পাঁচ টেস্টের সিরিজ।

১৯৭৯ সালের পর ১০ বার টেস্ট খেলতে ভারতে গেছে অস্ট্রেলিয়া। এর পাঁচটি ছিল সর্বোচ্চ চার ম্যাচের সিরিজ। পাঁচটি সিরিজই এই শতকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ২০২৬-২৭ মৌসুমে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে গতকাল। দীর্ঘ এই মৌসুম শেষ হবে মূল আকর্ষণ বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে। এই মৌসুমে টেস্ট সিরিজ এই একটিই।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের অন্য চারটি টেস্টের ভেন্যু চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদ।

এ মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে, অস্ট্রেলিয়া শীর্ষে। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে চাপে পড়ে যাওয়া ভারতের জন্য এই সিরিজ ফাইনালের দৌড়ে টিকে থাকতে মহাগুরুত্বপূর্ণ।

শুরুটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে

অস্ট্রেলিয়া সিরিজের অনেক আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হয়ে যাবে ভারতের। আগামী ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে দেশের মাটিতে আন্তর্জাতিক মৌসুম। ক্যারিবীয়দের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টুয়েন্টি খেলবে ভারত।

এরপর ডিসেম্বরে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে ভারত। লঙ্কানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি। জিম্বাবুয়েও ভারত সফর করবে আগামী বছরের জানুয়ারিতে, তারা খেলবে ৩টি ওয়ানডে ম্যাচ।

একনজরে দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক সূচি (২০২৬-২৭)

ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর (৩ ওয়ানডে, ৫ টি-টুয়েন্টি)
শ্রীলঙ্কা ভারত সফর (৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি)
জিম্বাবুয়ের ভারত সফর (৩ ওয়ানডে)

অস্ট্রেলিয়া ভারত সফর: বোর্ডার-গাভাস্কার ট্রফি (৫ টেস্ট)
২১-২৫ জানুয়ারি: ১ম টেস্ট, নাগপুর
২৯ জানু-২ ফেব্রুয়ারি: ২য় টেস্ট, চেন্নাই
১১-১৫ ফেব্রুয়ারি: ৩য় টেস্ট, গুয়াহাটি
১৯-২৩ ফেব্রুয়ারি: ৪র্থ টেস্ট, রাঁচি
২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ: ৫ম টেস্ট, আহমেদাবাদ

আরও পড়ুন