১৬ টেস্টে ১৪ হার, ৯টিই ইনিংস ব্যবধানে— এবার কি বদলাবে বাংলাদেশের ভাগ্য

জোহানেসবার্গে দলের অনুশীলনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনবিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরে সাদা পোশাকের ক্রিকেটে মনে রাখার মতো অনেক জয়ের স্মৃতিই আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ও পরে ঘরের মাঠে হারানো, পাকিস্তানকেও ঘরে-বাইরে হারানো, সর্বশেষ ঘটনাটা তো বেশ তরতাজাই—ডারউইনে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়ে দেওয়া।

এসব ঘটনায় টেস্ট জয়ের তালিকায় অনেক অপূর্ণতাই ঘুচে গেছে বাংলাদেশের। মোটাদাগে বাকি আছে কেবল দুটি দেশ—ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো টেস্ট জেতা হয়নি।

আগামীকাল থেকে জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে যে সেই অপ্রাপ্তি বাংলাদেশ ঘোচাতে চাইবে, তা চাইলে বলে দেওয়া যায় নিশ্চিতভাবেই। তবে কাজটা যে সহজ নয়, ওই হিসাবটা পরিসংখ্যান দেখলেও বোঝা যাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে কেবল দুটি ড্র। সেই ড্র দুটিও বৃষ্টির সৌজন্যে পাওয়া। বাকি সব ম্যাচেই হারতে হয়েছে, বেশির ভাগ সময়ই গড়া যায়নি তেমন ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও—১৪ হারের ৯টিই ছিল ইনিংস ব্যবধানে।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে তানজিদ হাসান
বিসিবি

বাংলাদেশের এই ভাগ্য ফেরানোর কাজটা আরও কঠিন এবার খেলাটা দক্ষিণ আফ্রিকার মাটিতে বলে। তাদের মাঠে আট ম্যাচের সব কটিতে তো হেরেছেই, এর মধ্যে পাঁচটিই আবার ছিল ইনিংস ব্যবধানে।

দুশ্চিন্তাটা বেশি ব্যাটসম্যানদের নিয়েই। দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ ইনিংস ব্যাট করেছেন, এমন ব্যাটসম্যানদের কারও গড় ২৫–ও নয়। সবচেয়ে বেশি ২৪.২৭ গড় লিটন দাসের। দক্ষিণ আফ্রিকা সফরে মাহমুদুল হাসান ছাড়া আর কোনো ব্যাটসম্যান সেঞ্চুরিও পাননি।

এবার যে দুই ভেন্যুতে খেলা, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আরও বড় অস্বস্তি হতে পারে উইকেটের গতি ও বাউন্স। টেস্টের দুই ভেন্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে সাম্প্রতিক সময়েও দাপট দেখিয়েছেন পেসাররাই। এই দুই ভেন্যুতে হওয়া সর্বশেষ ৭ ম্যাচে ৯০ শতাংশ উইকেটই নিয়েছেন পেসাররা।

ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইনের সঙ্গে প্রধান কোচ ফিল সিমন্স
বিসিবি

এসব দুশ্চিন্তা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে এই সিরিজের জন্য একজন ব্যাটিং স্পেশালিস্ট নিয়োগ দিয়েছে বিসিবি। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন দলের সঙ্গে যোগ দিয়ে কাজও শুরু করছেন। তাঁর কথায়ও বোঝা গেল দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ের ক্ষেত্রে মূল বিষয়টা হবে ভিন্ন বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারা। দক্ষিণ আফ্রিকার যে ধরনের দক্ষতা, তাতে তারা অবশ্যই পেস ও বাউন্স দিয়ে চ্যালেঞ্জ জানাবে। তবে যেমনটা বলেছি, গত কয়েক মাসে স্টার্ক ও হ্যাজলউডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও অনেকটা বেশি থাকবে।’

প্রস্তুতির জন্য যদিও খুব বেশি সময় বাংলাদেশ পাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলে পরদিনই বেশির ভাগ ক্রিকেটার উড়াল দেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। দুই-তিন অনুশীলনের পর তাঁদের নামতে হচ্ছে টেস্ট খেলতেও।

বেনকেনস্টেইনও মনে করালেন, ‘আমার মনে হয়, আসল পরীক্ষা হবে আমরা এখানকার কন্ডিশনের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় এবং কত দ্রুত তা করতে পারে সেটি।’

এই পরীক্ষায় নাজমুল হোসেনের দল কতটা উতরে যেতে পারে, তা জানা যাবে কাল থেকেই।

আরও পড়ুন