আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা

মুশফিকুর রহিমপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি কার্যালয়ে বেলা দুইটা থেকে শুরু হয়েছিল বোর্ড পরিচালকদের সভা। সভা শেষে সংবাদ সম্মেলন করবেন সভাপতি তামিম ইকবাল , এমন ঘোষণাও আগে দেওয়া হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এসে শুরুতেই তামিম জানালেন, বোর্ড সভার সিদ্ধান্ত নিয়ে বলার মতো তেমন কিছু নেই।

তবে তাঁর কাছে ছিল আরও গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি জানাতেই সংবাদ সম্মেলনে আসা সবাইকে চমকে দিয়ে তামিম বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম।’  

আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।

রঙিন পোশাকের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা মুশফিক দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। তবে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা কিছুদিন আগে তামিমকে জানালেও এবার নিজে থেকে কোনো ঘোষণা দিতে চাননি। বরং অনুরোধ করেছিলেন, তাঁর অবসরের খবরটি যেন বিসিবি সভাপতি জানান।

তামিম জানিয়েছেন, মুশফিকের অনুরোধেই তাঁকে এই ঘোষণা দিতে হয়েছে, ‘মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এর পর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’

কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন তামিম, ‘কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।’

বাংলাদেশের তিন সংস্করণেই অধিনায়কত্ব করেছেন মুশফিক। গত বছর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন ১০০ টেস্ট। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর পরের ১১ ইনিংসে পেয়েছেন মাত্র একটি ফিফটি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তাঁকে নিয়ে সমালোচনাও তুঙ্গে ওঠে। এর মধ্যেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

আরও পড়ুন

তবে মুশফিকের বিদায়কে কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে বিচার করতে চান না তামিম। বরং তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও অবদানকে সামনে এনে বিদায় জানাতে চায় বিসিবি। তামিম বলেছেন, ‘বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে শুধু ধন্যবাদই জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটে তিনি যে অবদান রেখেছেন, সেটির স্বীকৃতি দিতে চাই। তিনি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, অনেক অনেক ক্রিকেটারের, এমনকি অসংখ্য বাচ্চাদের আদর্শ ও অনুপ্রেরণা। বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত তিনি।’

মুশফিকের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৫ সালে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই। ২১ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই মিরপুরে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়। মাঝের এই দীর্ঘ সময়ে ১০৮ টেস্ট খেলেছেন তিনি। ৩টি ডাবল সেঞ্চুরি ও ১৪টি সেঞ্চুরিতে ৩৮.৮০ গড়ে করেছেন ৭০৬২ রান।

২০০৫ সাল থেকে টেস্ট খেলছেন মুশফিক
শামসুল হক

এত দীর্ঘ ক্যারিয়ারে হতাশা, সমালোচনা কিংবা বিতর্ক থাকতেই পারে। কিন্তু সেসবের চেয়ে অর্জনগুলো বড় করে দেখতে চান তামিম। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও মুশফিকের ভালো সময়গুলো মনে করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি, ‘আমি নিশ্চিত, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে কিছু হতাশা আছে, সমালোচনা আছে, নানা ঘটনা আছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের কথা বিবেচনা করে আসুন, আমরা সবাই মিলে তাঁর অর্জনগুলো উদ্‌যাপন করি।’

প্রায় চার মিনিটের সংবাদ সম্মেলনে অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার প্রয়োজন মনে করেননি বিসিবি সভাপতি। শেষ করেছেন মুশফিকের বিদায়ের গুরুত্ব মনে করিয়ে দিয়ে, ‘আজ অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, এটিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের সবারই এর গুরুত্ব অনুধাবন করা উচিত ও বিষয়টিকে যথাযথ সম্মান জানানো উচিত।’

আরও পড়ুন