গ্রুপ পর্বে তিনটি জয়ে শীর্ষে থেকেই মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে উঠেছে বাংলাদেশ। সুপার সিক্স পর্ব হলেও একটু ভিন্নতা আছে এ টুর্নামেন্টের ফরম্যাটে, যেটির কারণে এ পর্ব শুরুর আগেই কিছুটা এগিয়ে থাকছে বাংলাদেশ। এ পর্বে খেলা হবে কোন ফরম্যাটে, সেমিফাইনালেই বা দলগুলো কীভাবে যাবে, সেটিরই ব্যাখ্যা—
যেভাবে খেলা হবে সুপার সিক্স পর্যায়ে
গ্রুপ পর্যায় থেকে সুপার সিক্স পর্বে গেছে ১২টি দল, সেখানে থাকবে ছয় দলের দুটি গ্রুপ। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘ডি’ থেকে আসা দলগুলো খেলবে গ্রুপ ‘১’-এ, গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’ থেকে আসা দলগুলো খেলবে গ্রুপ ‘২’-এ।
‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও উঠেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে ভারত, তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।
সুপার সিক্স পর্যায়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। প্রতিপক্ষ কারা হবে, সেটি নির্ধারিত হয়েছে গ্রুপ পর্বে দলগুলোর অবস্থানের ওপর ভিত্তি করে।
একই গ্রুপ এবং অন্য গ্রুপে একই অবস্থানে থাকা দলগুলো বাদ দিয়ে হবে ম্যাচ। যেমন বাংলাদেশ ও ভারত, দুই দলই এসেছে নিজ গ্রুপের শীর্ষে থেকে। ফলে সুপার সিক্সে এ দুই দলের দেখা হবে না। বাংলাদেশের ম্যাচ হবে ‘ডি’ গ্রুপের দুই ও তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
একইভাবে বাংলাদেশের গ্রুপ ‘এ’-এর দুই নম্বর দল অস্ট্রেলিয়া গ্রুপ ‘ডি’-এর দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে না। তাদের ম্যাচে গ্রুপ ‘ডি’-এর বাকি দুই দল ভারত ও আরব আমিরাতের বিপক্ষে।
সুপার সিক্সের পয়েন্ট পদ্ধতি
সুপার সিক্সে থাকবে গ্রুপ পর্বের পয়েন্টের প্রভাব। গ্রুপ পর্বে শেষ দলের বিপক্ষে অর্জিত পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো থেকে যাবে এ পর্বেও।
উদাহরণ হিসেবে বাংলাদেশের গ্রুপের কথা বিবেচনা করা যাক। গ্রুপ পর্বে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচই—অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে সবার শেষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তাই সুপার সিক্স পর্বে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৪ পয়েন্ট।
তবে সুপার সিক্স পর্বে বাংলাদেশের বাড়তি সুবিধা এখানেই। বাংলাদেশ যাচ্ছে ৪ পয়েন্ট ও ২ জয় নিয়ে, তবে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সম্বল সেখানে ২ পয়েন্ট ও ১টি করে জয়। গ্রুপ ‘১’-এ থাকা শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাত যেমন সুপার সিক্স শুরু করবে কোনো পয়েন্ট না নিয়েই।
সুপার সিক্সে গ্রুপ ‘১’-এর পয়েন্ট টেবিল
যেভাবে দলগুলো যাবে সেমিফাইনালে
গ্রুপ পর্ব থেকে আসা পয়েন্ট ও সুপার সিক্স পর্বের পয়েন্ট মিলিয়ে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে।
তবে সুপার সিক্স পর্বে একাধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে এই গ্রুপে সবচেয়ে বেশি জয়ের সংখ্যা। সে ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ ও ভারতের মতো দলগুলো, যাদের সঙ্গে গ্রুপ পর্বের দুটি জয় আছে।
ধরা যাক, সুপার সিক্সে বাংলাদেশ জিতল একটি ম্যাচ, হারল আরেকটিতে। কিন্তু ভারতকে দুটি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হলো। সে ক্ষেত্রে দুই দলেরই সমান পয়েন্ট হবে। তবে জয়ের সংখ্যায় এগিয়ে থাকায় এগিয়ে থাকবে বাংলাদেশ।
অবশ্য পরিস্থিতি এমন, শুধু জয়ের সংখ্যা দিয়ে দুটি দলকে বেশির ভাগ ক্ষেত্রেই আলাদা করা যায় না। সে ক্ষেত্রে দেখা হবে নেট রানরেট। সুপার সিক্স পর্ব শুরুর আগে গ্রুপ ‘১’-এ ভারত (৪.০৮৩) অনেকটাই এগিয়ে বাংলাদেশের (০.৬৯১) চেয়ে।
সুপার সিক্সে এক গ্রুপের শীর্ষ দল সেমিফাইনালে মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্সআপের সঙ্গে।
সুপার সিক্সের সূচি
আগামীকাল থেকে শুরু হচ্ছে এ পর্ব। প্রথম দিন খেলবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড-রুয়ান্ডা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-ভারত। বাংলাদেশের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৫-৪৫ মিনিটে। বাংলাদেশের পরের ম্যাচ ২৫ জানুয়ারি, একই সময়ে। এ পর্বের সব কটি ম্যাচই হবে পচেফস্ট্রুমের দুটি মাঠে।