অভিমানের বরফ গলল, ইংল্যান্ডের সাদা বলের মেন্টর পিটারসেন
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জমে থাকা মান-অভিমান, তিক্ততা আর অমীমাংসিত অধ্যায়ের ওপর তাহলে অবশেষে পলেস্তারা পড়ল! আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলে যোগ দিচ্ছেন কেভিন পিটারসেন। সাদা বলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে।
গত জুলাইয়ে টেস্ট কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ম্যাককালাম এখন শুধু ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্বে। আর সেই কোচিং স্টাফের শক্তি বৃদ্ধিতেই ফিরে এলেন পিটারসেন।
২০১৪ সালে দল থেকে একপ্রকার তিক্ততার মধ্য দিয়ে ছেঁটে ফেলার পর এই প্রথম থ্রি লায়নদের ড্রেসিংরুমে পা রাখবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
স্মৃতির ধুলাবালু ঝেড়ে নতুন দায়িত্বের রোমাঞ্চ ধরা পড়ল পিটারসেনের কণ্ঠে, ‘দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের অভিযানে এই দলকে সাহায্য করার প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর এই প্রথম আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো এক গভীর সম্মানের এবং অত্যন্ত বিশেষ এক মুহূর্ত। আমাদের সীমিত ওভারের দলটায় অবিশ্বাস্য প্রতিভাবান সব ক্রিকেটার রয়েছে। খেলোয়াড়দের সর্বোচ্চ সম্ভাবনা উন্মোচনে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করতে আমি মুখিয়ে আছি। আগামী ১২ মাসের জন্য ব্রেন্ডনের থিঙ্কট্যাংকের অংশ হওয়াটা এক দারুণ সুযোগ, আর তর সইছে না কাজ শুরু করার।’
সব সংস্করণ মিলিয়ে আধুনিক যুগের অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান ছিলেন ৪৬ বছর বয়সী পিটারসেন। কিন্তু ২০১৩-১৪ সালের অ্যাশেজে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় এক অস্বস্তিকর আবহে। মূলত টিম ম্যানেজমেন্টের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের বলি হতে হয়েছিল তাঁকে।
এর আগেও বিতর্ক তাঁর সঙ্গী হয়েছে। ২০১২ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন। অভিযোগ ছিল, প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছে তিনি বার্তা পাঠাতেন, যেখানে ইংল্যান্ডের সতীর্থদের পাশাপাশি তৎকালীন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসেরও সমালোচনা ছিল।
সেই টেস্টের পরপরই স্ট্রাউস অবসর নেন। নতুন অধিনায়ক অ্যালিস্টার কুকের অধীনে পিটারসেনকে আবার নাটকীয়ভাবে দলে ফেরানো হয়। সেবার শীতে ভারতের মাটিতে ইংল্যান্ডের সেই ঐতিহাসিক সিরিজ জয়ে কুক-পিটারসেন জুটি বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু বছর ঘুরতেই সম্পর্কের পুরোনো ক্ষত আবার জেগে ওঠে। অ্যাশেজ বিপর্যয়ের পর কুকের নেতৃত্বে পূর্ণ আস্থা জানিয়ে পিটারসেনের চুক্তি বাতিল করে ইসিবি।
পরের দিনগুলোতে নানা পথ ধরে হেঁটেছেন পিটারসেন। ঘরোয়া লিগ খেলার পাশাপাশি এমন এক বই লিখেছেন, যেখানে ইংলিশ ক্রিকেটের ভেতরের কঙ্কালটা উন্মোচিত হয়েছিল নির্মমভাবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি খেলেছেন, ধারাভাষ্য দিয়েছেন, দিল্লি ক্যাপিটালসে মেন্টরশিপ করেছেন, আর সাম্প্রতিক সময়ে গড়ে তুলেছেন বেশ জনপ্রিয় এক ইউটিউব চ্যানেল।
ইংল্যান্ডের উদীয়মান ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করার ইচ্ছাটা প্রকাশ করেছিলেন বহুবার। অবশেষে সেই দুয়ার তাঁর জন্য খুলল। আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক প্রতিপক্ষ ম্যাককালাম তাঁর সাবেক প্রতিদ্বন্দ্বীকে স্বাগত জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি, ‘কেপি খেলায় যা অর্জন করেছে, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। ইংলিশ ক্রিকেটে ওর প্রভাব অভূতপূর্ব। অভিজ্ঞতা, জ্ঞান আর অর্জনের ঝুলি নিয়ে ওর মতো একজন যদি এই দলের সঙ্গে যুক্ত হয়, তবে তা এক চমৎকার প্রাপ্তি।’
ম্যাককালামের এই কোচিং–বহরে পিটারসেন ছাড়াও থাকছেন তাঁর পুরোনো টেস্ট স্টাফ মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, জিতেন প্যাটেল এবং ফিল্ডিং বিশেষজ্ঞ সারা টেলর। তবে নিউজিল্যান্ডে ম্যাককালামের সাবেক সতীর্থ স্টিভেন ফ্লেমিং সম্প্রতি ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হয়ে আসার পর দুই কোচের মধ্যে ক্ষমতার বিন্যাস কীভাবে হবে, তা এখনো অস্পষ্ট। ফ্লেমিং অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসিকে তাঁর টেস্ট কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও হাসি সম্ভবত নিজ দেশের ক্রিকেট বোর্ডের দেওয়া প্রস্তাবই বেছে নিতে যাচ্ছেন।