কেন্টের প্রমোশন-সমীকরণের ম্যাচে খালেদের ৩ উইকেট

খালেদ আহমেদকেন্ট

আগে ছিলেন হাসান মাহমুদ, আর এখন খালেদ আহমেদ। কাউন্টি দল কেন্টের বোলিং আক্রমণের প্রধান মুখ। সেটা কেন, কাল আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের এই পেসার।

ক্যান্টারবুরিতে কাউন্টির দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন খালেদ। তাঁর ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লুচেস্টারশায়ার গুটিয়ে গেছে ২২৯ রানে।

শুধু যে কম রানেই গ্লুচেস্টারশায়ারকে কেন্ট গুটিয়ে দিয়েছে, ব্যাপারটা তা নয়। দলটিকে তারা অলআউট করেছে ৬৯.৫ ওভারে। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে মিলবে ৩ বোনাস পয়েন্ট। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই ৩ পয়েন্টই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।

কারণ, গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিই কেন্টের মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই প্রথম বিভাগে প্রমোশন নিশ্চিত করবে তারা। প্রমোশনের দৌড়ে কেন্টের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার।

বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় কেন্ট। ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় নর্দাম্পটনশায়ার। দুই দলের পয়েন্ট সমান হলেও প্রমোশন পাবে কেন্ট। কারণ, এ মৌসুমে নর্দাম্পটনশায়ারের চেয়ে কেন্টের জয় দুটি বেশি।

হাসানের পর কাউন্টিতে ভালো করছেন খালেদও
কেন্ট ক্রিকেট

এই অবস্থায় গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচেও ভালো জায়গায় আছে কেন্ট। প্রতিপক্ষকে ২২৯ রানে অলআউট করার পর প্রথম দিনের খেলা শেষে কেন্টের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। নর্দাম্পটনশায়ারের অবস্থা তুলনামূলকভাবে কঠিন। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১০৩ রানে। জবাবে মিডলসেক্স তুলেছে ২৫৫ রান। ফলে প্রথম ইনিংসেই ১৫২ রানের লিড পেয়েছে মিডলসেক্স।

আরও পড়ুন

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের পারফরম্যান্স দরকার ছিল কেন্টের। সেটাই তিনি করে দেখিয়েছেন। আউট করেছেন দারুশ আহমেদ, সাই কিশোর ও চে সিমন্সকে। এর মধ্যে দারুশ ও কিশোরকে খালেদ ফিরিয়েছেন পরপর দুই ওভারে। গ্লুচেস্টারশায়ারের দ্রুত গুটিয়ে যাওয়া করেছে খালেদের উইকেটগুলোই। এর আগে খালেদ সর্বশেষ ম্যাচে কেন্টের হয়ে নিয়েছিলেন ৮ উইকেট।