ব্রিসবেনেও পুরোনো গল্প, অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ নারী দল

প্রথম ম্যাচে হাসতে পারেননি নিগার সুলতানারাবিসিবি

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে সেই পুরোনো গল্পটাই নতুন করে লেখা হলো আরও একবার। ব্যাটারদের ব্যর্থতার দিনে নিগার সুলতানার একটু চেষ্টা আর শেষদিকে গিয়ে রিতু মনি-স্বর্ণা আক্তারদের ব্যাটে মোটামুটি রানের একটা লক্ষ্য দাঁড় করানো। কিন্তু তা নিয়ে আর লড়াই করতে পারেননি বোলাররা।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের প্রথমটিতেও হলো একইরকম ঘটনা। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে ১৬৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৭ উইকেট ও ১৪৬ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকেরা।

টস হেরে ব্যাট করতে নেমে মেগান শুটের করা ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বাংলাদেশের ওপেনার ফারজানা হক। তৃতীয় ওভারে অস্ট্রেলীয় পেসার যখন আরেক ওপেনার শারমিন সুলতানাকে আউট করেন, তখন বাংলাদেশের স্কোর ১১/২।

২৬ বলে ২৪ রান করেছেন শারমিন আক্তার
ক্রিকেট অস্ট্রেলিয়া

এমন অবস্থায় পাল্টা আক্রমণকেই বেছে নিয়েছিলেন প্রথম ওভারেই ব্যাটিংয়ে নামা শারমিন আক্তার। ২৬ বলে ২৪ রান করে তিনি যখন পেসার অ্যানাবেল সাদারল্যান্ডের প্রথম শিকার হলেন বাংলাদেশের স্কোর ৩৩/৩। ১৫ রান যোগ হওয়ার পর বিদায় ১৭ বলে ২ রান করা সোবহানা মুশতারির। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে অধিনায়ক নিগারের ৩৫ রানের জুটি। ২৮তম ওভারে দলকে ৮৩ রানে রেখে বিদায় নেন ৮৬ বলে ২৯ রান করা অধিনায়ক।

আরও পড়ুন

দলকে ১০০ পাড় করিয়ে ১০৩ রানে বিদায় নেন ৫০ বলে ২১ রান করা স্বর্ণা। এরপর বাংলাদেশ ১৬৬ পর্যন্ত যেতে পারে রিতু মণির সৌজন্যে।  ৪৮তম ওভারে রানআউট হওয়ার আগে ৬৩ বলে তাঁর ব্যাট থেকে আসে ৪৫ রান। তিনি আউট হওয়ার পর ইনিংসের ২ বল হাতে থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৪ উইকেট।

রান তাড়াটা অস্ট্রেলিয়ার জন্য একেবারেই কঠিন হয়নি। তাদের যখন ৩০ রান, তখন আজই ওয়ানডে অভিষেক হওয়া পেসার ১৭ বছর বয়সী হাবিবা আক্তারের বলে ক্যাচ দেন জর্জিয়া ভল। কিন্তু দ্বিতীয় উইকেটে এলিস পেরি ও ফিবি লিচফিল্ডের ৬৬ বলে ৮৯ রানে ভর করে জয়ের পথটা সহজ করে ফেলে তারা। ৫৭ বলে ৭৭ রান করে রাবেয়া খানের বলে ক্যাচ দেন লিচফিল্ড। কিন্তু ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন পেরি।

আগামী পরশু সিরিজের একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন