বিতর্ক থামছেই না; বরং আরও বেশি কথা হচ্ছে।
ঘটনাটা লর্ডসে ইংল্যান্ড-ভারত নারী দলের মধ্যে ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে। ম্যাচের ৪৪তম ওভারে নিজের অষ্টম ওভার করতে এসেছিলেন দীপ্তি। ধবলধোলাই এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান, শেষ ব্যাটার ফ্রেয়া ডেভিসের সঙ্গে স্বাগতিকদের দারুণ এক জয় এনে দেওয়ার পথে এগোচ্ছিলেন ৯ নম্বরে নেমে ৪৭ রানে অপরাজিত ডিন।
ওভারের তৃতীয় বলটি করার সময় থেমে যান দীপ্তি, এরপর ভেঙে দেন নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। ততক্ষণে ডিন ক্রিজের বেশ বাইরে। ভারতের আবেদনের ভিত্তিতে ডিনকে আউট দেন টেলিভিশন আম্পায়ার। অর্থাৎ মানকাডিং!
এর পর থেকেই বিষয়টির পক্ষে-বিপক্ষে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা কথা বলছেন। এ দুই দেশের বাইরের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও কথা বলছেন, চুপ করে নেই ক্রিকেটপ্রেমীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রীতিমতো ঝড় বইছে। কেউ কেউ তো ক্রিকেটীয় চেতনার দোহাই দিয়ে উদাহরণও টানছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে নিউজিল্যান্ডের ফিল্ডারের থ্রো করা বল বেন স্টোকসের ব্যাটে লেগে চার হয়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে অনেকের যুক্তি, সেটি যদি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী না হয়, তাহলে দীপ্তি শর্মার করা মানকাডিং আউট কীভাবে কাঠগড়ায় তোলা যায়?
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কথা স্টোকসের চোখ এড়ায়নি। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক কাল এ নিয়ে টুইট করেন। টুইটে জিআইএফ ইমেজে এক লোকের মাথা চুলকানোর ছবি দেন স্টোকস। আর ক্যাপশনে লিখেছেন, ‘লোকে কেন মানকাডিংয়ের সঙ্গে আমার ব্যাটে বল লাগার ওই ঘটনার তুলনা করছে?’
২০১৯ বিশ্বকাপ ফাইনালে জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন বেন স্টোকস। ওভারের চতুর্থ বলটি কাউ কর্নারে পাঠিয়ে দৌড় দেন স্টোকস। মার্টিন গাপটিল দুর্দান্ত থ্রো করলেন, সেটা গিয়ে লাগে স্টোকসের ব্যাটে। তাতে বলের দিক পরিবর্তন হয়ে পেরিয়ে যায় বাউন্ডারি। যেখানে ২ রান আসার কথা, সেখানে বাউন্ডারিসহ (৪ রান) এল ৬ রান। পরে তো ম্যাচ টাই হলো, সুপার ওভারও টাই! বাউন্ডারি মারায় এগিয়ে থেকে শিরোপা জেতে ইংল্যান্ড।
দীপ্তি শর্মার মানকাডিং আউটের পর ইংল্যান্ড ছেলেদের দলের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। পাল্টা জবাব এসেছে ভারতের পক্ষ থেকেও। এদিকে এমসিসির আইন অনুযায়ী, ‘বল খেলার মধ্যে থাকা অবস্থায় যে মুহূর্তে বোলার সাধারণত ডেলিভারি করবেন বলে ধরে নেওয়া হয়, তার আগপর্যন্ত যেকোনো সময়ে ব্যাটার ক্রিজের বাইরে গেলে রানআউটের জন্য দায়ী হবেন।’ আগে এমন আউট ক্রিকেট আইনের ‘আনফেয়ার প্লে’ বা চেতনা-সম্পর্কিত ধারার মধ্যে থাকলেও সেটি বদলে এখন রানআউটের ধারায় যুক্ত করা হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সাংবাদিক পিটার ডেলা পেনার দাবি, ক্রিজে আসার পর থেকে ৭২ বার অমন ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ডিন। ৭৩তম বার গিয়ে রানআউট হয়েছেন। এমন রানআউটের ক্ষেত্রে ব্যাটারকে আগে সতর্ক করতে হবে, এমন কোনো কথাও বলা নেই।
তবে সিরিজ শেষে কলকাতায় ফেরার পর দীপ্তি সাংবাদিকদের বলেছেন, ডিনকে সতর্ক করেছিলেন তাঁরা, ‘এটা পরিকল্পনা করেই করা। কারণ, আমরা ক্রমাগত তাকে সতর্ক করে গেছি। আমরা আইন ও বিধি অনুযায়ীই সব করেছি। আম্পায়ারদেরও বলেছিলাম, কিন্তু সে সেখানেই (ক্রিজের বাইরে) ছিল। এর বেশি কিছু করার ছিল না আমাদের।’