চার বাঁচাতে গিয়ে হাসপাতালে চান্ডিমাল

চোট নিয়ে মাঠ ছাড়ছেন চান্ডিমালএএফপি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না দিনেশ চান্ডিমালের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বড় রান পাননি। মাত্র ৪ রানে আউট হন। এরপর আজ টেস্টের চতুর্থ দিনে সকালের সেশনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে। ৪ বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ঘাড়ে ও কাঁধে চোট পান চান্ডিমাল। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারে লোকেশ রাহুলের শট থামাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্ডিমাল। ঝাঁপিয়ে পড়ে বলটি থামান। তাতে ২ রান বাঁচে, কিন্তু ডাইভ দেওয়ায় শরীর পড়ে কাঁধের ওপর এবং ডিগবাজির মতো উল্টে যান।

আঘাত পাওয়ার পর সীমানার ওপাশে লুটিয়ে পড়েন চান্ডিমাল এবং যন্ত্রণায় ছটফট করেন। সতীর্থ, ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত ছুটে যান তাঁর কাছে। মাঠেই চলে প্রাথমিক চিকিৎসা।

তবে চোটের কারণে মাঠে থাকতে পারেননি চান্ডিমাল। সতীর্থদের সহায়তায় কোনোমতে পায়ে ভর দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে যান। তাঁর জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মাত্র ৪ রানে আউট হন চান্ডিমাল
এএফপি

পরে চোটের অবস্থা আরও খারাপ মনে হওয়ায় চান্ডিমালকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর ঘাড় ও কাঁধের স্ক্যান করা হবে। স্ক্যানের ফলে বড় ধরনের আঘাত ধরা পড়লে টেস্টে বাকি সময়ের জন্য চান্ডিমালের পরিবর্তে কনকাশন বদলি নামাতে পারে শ্রীলঙ্কা। স্কোয়াডে থাকা অতিরিক্ত টপ অর্ডার ব্যাটসম্যান হলেন সুরিয়াবান্দারা।

আরও পড়ুন

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিন মধ্যাহ্নবিরতির আগে ৪ উইকেটে ১১৬ রান তুলেছে ভারত। ২৯৪ রানে লিড নিয়েছে শুবমান গিলের দল।

আরও পড়ুন