বাংলাদেশের পর আফগানিস্তানও সরাসরি বিশ্বকাপের পথে

২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা অনেকটাই নিশ্চিত আফগানিস্তানেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ সুপার লিগে দিনে দুটি ম্যাচ, দুটিই ভেসে গেল বৃষ্টিতে। হ্যামিল্টনে নিউজিল্যান্ড ও ভারতের দ্বিতীয় ওয়ানডের পর পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচটিও শেষ পর্যন্ত ভেসে গেছে। তবে এ ম্যাচে ফল না আসায় কুড়িয়ে পাওয়া ৫ পয়েন্টে ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত করেছে আফগানিস্তান, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলাও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরও কঠিন হয়ে উঠেছে শ্রীলঙ্কার।

আনুষ্ঠানিকতার ব্যাপারটি বলতে হচ্ছে স্লো ওভাররেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ার পদ্ধতির কারণেই। সেটি সরিয়ে রাখলে আফগানিস্তানের পর বাংলাদেশের বিশ্বকাপ খেলাও নিশ্চিতই।

টসে জিতে ব্যাটিং নেওয়া আফগানিস্তান ষষ্ঠ ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহীম জাদরানকে হারালেও দ্বিতীয় উইকেটে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ যোগ করেন ১১৩ রান। একসময় ১ উইকেটে ১৩৫ রান ছিল আফগানদের। ২৮তম ওভারে ৭৩ বলে ৬৮ রান করার পর ফেরেন গুরবাজ, ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দিয়ে।

আফগানিস্তান ইনিংসে এরপর নামে ধস। রহমত শাহর ৭৮ বলে ৫৮ রানের পর মোহাম্মদ নবী খেলেন ৩৪ বলে ৪১ রানের ইনিংস, তবে আফগানরা ৯৩ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। কাসুন রাজিতা ৩১ রানে নেন ৩ উইকেট, ২টি করে নেন মহীশ তিকসানা ও লাহিরু কুমারা। ৪৮.২ ওভারেই গুটিয়ে যায় আফগানিস্তান। শ্রীলঙ্কা ২.৪ ওভারে বিনা উইকেটে ১০ রান তোলার পর নামে বৃষ্টি। খেলা শুরুই হতে পারেনি আর।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত
ছবি: ফেসবুক

এ ম্যাচের পর বিশ্বকাপ সুপার লিগে ১৪ ম্যাচে ১১৫ পয়েন্ট নিয়ে সাতে থাকল আফগানিস্তান। ২০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে ১০ নম্বরে। স্বাগতিক ভারত ও টেবিলের শীর্ষে থাকা সাতটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে, বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব। এমনিতেও ভারত টেবিলের শীর্ষেই আছে ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট নিয়ে।

সুপার লিগে প্রতিটি দল খেলবে ২৪টি করে ম্যাচ, সে হিসেবে আফগানিস্তানকে টপকে যাওয়ার সুযোগ আছে শুধু ১১ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার। ৮ ম্যাচ বাকি থাকতে তাদের পয়েন্ট ৫৯। তবে দশে থাকা শ্রীলঙ্কা আফগানিস্তানকে টপকাতে পারবে না আর। দক্ষিণ আফ্রিকা টপকালেও শীর্ষ আটের বাইরে যাবে না আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ না খেলা দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণটাও সহজ নয়।

অন্যদিকে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে বাংলাদেশ। চার ও ছয়ে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানেরও সমান ম্যাচে সমান পয়েন্ট, তবে রানরেটের হিসেবে তারা বাংলাদেশের আগে ও পরে। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ে ও ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসের সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নেই আর।